ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সেই সংবাদ সম্মেলনের বৈধতা প্রশ্নে হাই কোর্টের রুল

আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সেই সংবাদ সম্মেলনের বৈধতা প্রশ্নে হাই কোর্টের রুল

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শেষ হওয়ার আগেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার বৈধতা প্রশ্নে রুল জারি করেছে হাই কোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক ও সহকারী পরিচালকের করা ওই দুটি সংবাদ সম্মেলন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের হাই কোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ রুল জারি করে। আগামী চার সপ্তাহের মধ্যে দুদককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারীর আইনজীবী ইউসুফ আলী বলেন, উনারা (দুদক) ১৩ (সেপ্টেম্বর) তারিখে এসে সংবাদ সম্মেলন করলেন যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ১৩ হাজার কোটি টাকা পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করেছেন। অথচ ১৭ সেপ্টেম্বর দুদক চিঠি দিয়ে বিএফআইইউর কাছে জানতে চেয়েছে যে আসিফ মাহমুদ কোন দেশে কত টাকা পাচার করেছেন! ১৭ তারিখে বিএফআইইউর কাছে যারা জানতে চায়, তারা চারদিন আগেই প্রেস কনফারেন্স করে বসে আছে। আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে যুব উন্নয়ন অধিদপ্তরে 'বদলি বাণিজ্যের' অভিযোগ প্রসঙ্গে এ আইনজীবী বলেন, দুদক ২ সেপ্টেম্বরে সংবাদ সম্মেলন করে জাতির সামনে উপস্থাপন করল যে আসিফ মাহমুদ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পোস্টিং দিয়ে ঘুষ নিয়েছেন। অথচ দেখা গেল, এই পোস্টিংটা হয়েছে উনার পদত্যাগের প্রায় ছয় মাস পর, ২০২৬ সালের ১১ মে বর্তমান সরকারের সময়ে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে নাগরিকের সুনামের সুরক্ষার বিষয়টি তুলে ধরে ইউসুফ আলী বলেন, ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে দুদক একের পর এক প্রেস কনফারেন্স করেছে। আমরা আশা করি, ভবিষ্যতে দুদক বা কোনো সরকারি দপ্তর নাগরিকের ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট করে এমন কোনো প্রেস কনফারেন্স আর করবে না। কনস্টিটিউশনের অভিভাবকের কাছ থেকে ভবিষ্যতে আমরা এমন একটা আদেশ অর্জন করতে পারব বলে আশাবাদী। দুদক কখন সংবাদ সম্মেলন করতে পারে— এমন প্রশ্নে তিনি বলেন, দুদকের বিধিমালা বা নীতিমালা অনুযায়ী তারা অনুসন্ধান শেষ করবে। ফাইন্ডিংস আসবে যে হ্যাঁ, সে দুর্নীতি করেছে। তখন তারা মামলা করবে। মামলা করে এফআইআর নিয়ে এসে প্রেস কনফারেন্স করবে। এর বাইরে তো সে আসতে পারবে না। গত ২৮ সেপ্টেম্বর হাই কোর্টে রিট আবেদনটি করেন আসিফ মাহমুদ। পরদিন হাই কোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিল। আদালতের অবকাশ শেষে নতুন করে শুনানির জন্য আবেদনটি বর্তমান বেঞ্চে উপস্থাপন করা হয়। রিট আবেদনে বলা হয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি বা অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের পর্যায়ে প্রকাশ্যে 'প্রাথমিক সত্যতা' পাওয়ার কথা জানানোর ক্ষমতা দুদক বা এর জনসংযোগ কর্মকর্তাদের নেই। এ ধরনের বক্তব্যে বিচার হওয়ার আগেই একজন ব্যক্তিকে দোষী হিসেবে উপস্থাপন করা হয় এবং 'মিডিয়া ট্রায়ালের' পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত