
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হিটলারের সঙ্গে তুলনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুরো একটি দল পালিয়ে গেছে। শেখ হাসিনার পালিয়ে যাওয়া বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাৎসি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে উদাহরণ দেওয়া যায় এবং মিলেও যায়। তিনি বলেন, নাৎসিরা যেমন জার্মানিতে আর ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি। তেমনই গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। গতকাল বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে মন্ত্রী এসব কথা বলেন।
হরতালে বাস পোড়ানো আওয়ামীলীগের পুরোনো অভ্যাস জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তখন সকাল ১০টা ৩০ মিনিটের দিকে আওয়ামীলীগের হরতালে শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনের (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল) সামনের সড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী দ্থোতলা বাসে গানপাউডার নিক্ষেপ করে। গানপাউডার দাহ্য পদার্থ হওয়ায় বাসটিতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। যাত্রীরা দরজা বা জানালা দিয়ে বের হওয়ার ন্যূনতম সুযোগ পাননি। তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী-বাসের ভেতরে থাকা যাত্রীরা জীবন্ত দগ্ধ হন এবং আগুনের তীব্রতায় উদ্ধারকাজ ব্যাহত হয়। সেখানে অন্তত ৯ জন মারা যান দগ্ধ হয়ে এবং পরবর্তীতে হাসপাতালে আরও দুজন প্রাণ হারান। ইউটিউবে সার্চ দিলেই সেই ঘটনার স্বীকারোক্তি এখনো সবাই দেখতে পারেন। বিরোধী দলের বক্তব্য ও প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে বারবার অডিও-ভিডিও কলে পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের লিস্ট করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। হুমকিও দিচ্ছেন তিনি ফিরলে নাকি জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেবেন। কিন্তু সেই সুযোগ হয়তো মহান রব্বুল আলামিন তাকে আর কখনোই দেবেন না।
নিরাপদ বাংলাদেশ ও আইনের প্রয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে আমরা প্রতিশ্রুতি দিয়েছি- আমরা বাংলাদেশের মানবাধিকার আইন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করবো। আমাদের নেতা (বর্তমান প্রধানমন্ত্রী) দেশে ফিরে প্রথম ভাষণে বলেছিলেন তিনি একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন। যেমন নিরাপদ একজন মা তার সন্তানের জন্য কামনা করেন, ভাই তার বোনের জন্য কামনা করেন, স্ত্রী তার স্বামীর জন্য কামনা করেন। আমরা সেই নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কখনোই আইন-শৃঙ্খলা বাহিনীকে পেটুয়া বাহিনীতে পরিণত করতে চাইনি, করবোও না। তিনি বলেন, তবে প্রয়োজনে সরকার পরিস্থিতি অনুযায়ী আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণে দ্বিধা করবে না। বিগত ফ্যাসিস্ট আমলে সংঘটিত সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণসহ গায়েবি মামলা এবং জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধের বিচারের অঙ্গীকার পূরণের অংশ হিসেবে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত চলমান রয়েছে।
পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে ৩০৮ বেসামরিক নাগরিক নিহত : পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করেছে বলেও জানান তিনি। গতকাল বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নত্তোর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
প্রশ্নত্তোর পর্বে এস এ জিন্নাহ কবির জানতে চান, পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীদ্বারা হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণের যেসব অভিযোগ উঠেছে- সেসব বিষয়ে সরকারের কাছে কী তথ্য রয়েছে? বিগত পাঁচ বছরে এ ধরনের কতটি ঘটনা ঘটেছে এবং কতজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত হয়েছেন? উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ সময়ে ৪৩৫ বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করেছে।
তিনি বলেন, বিগত ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীগুলো বেসামরিক জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে ১৯৪ বার বাঙালি জনগোষ্ঠীর ওপর ও ৮১ বার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর হামলা হয়েছে। এছাড়া সশস্ত্র গোষ্ঠীদ্বারা ২৯৭ বার অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ও ৩৭৭ বার অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ?'পারেশন উত্তরণ' চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসকারী জনগণের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে। পার্বত্য চট্টগ্রামে নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সশস্ত্র তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করতে দুর্গম পাহাড়ি এলাকায় সমন্বিত বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়ে থাকে। প্রয়োজনীয় ক্ষেত্রে বিমানবাহিনীর সহযোগিতার পরিধি বিবেচনা করে হেলিকপ্টার ব্যবহার করা হয়ে থাকে। সালাহউদ্দিন আহমদ বলেন, সন্ত্রাসীদের জোরপূর্বক চাঁদা আদায়ের মূল উৎস ও অর্থনৈতিক খাত চিহ্নিত করে কঠোর নজরদারি চালানো হচ্ছে। পাহাড়ে চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি এবং মোবাইল ব্যাংকিং ও আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত পথে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবি সক্ষমতা বাড়িয়েছে এবং ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন দুর্গম এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের সঙ্গে জড়িত সমতলের বিভিন্ন উৎস ও নেটওয়ার্ক পুলিশ ও এসআরবি কর্তৃক সফলভাবে উন্মোচন করা হচ্ছে। পাহাড়ে চলমান ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় ক্যাডার ও সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজাগুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম এবং ড্রোন/সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।