ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও দশজনের মৃত্যু

হামের উপসর্গ ও ডেঙ্গুতে আরও দশজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ ও ডেঙ্গু নিয়ে আরও দশ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে হামের উপসর্গে ছয়জন ও ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৯৫ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৯০ জন। এছাড়া নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছিল, এরকম আরও ১০৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন, ময়মনসিংহ বিভাগে দুইজন, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৩৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০৮ জন, চট্টগ্রামে ১১৯, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯২, বরিশালে ৭০, খুলনায় ৫৭ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ৩৫১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৬ জন। যার মধ্যে ঢাকা বিভাগে ৪৫২ জন, চট্টগ্রামে ২৫৬, সিলেটে ১৬৪, বরিশালে ১০৬, খুলনায় ১০৮, ময়মনসিংহে ১০৭, রংপুরে ৪০ ও রাজশাহীতে ৩৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ৭ হাজার ৯০৩ জন।

বুলেটিন অনুসারে চলতি বছর হাম উপসর্গে রোগীর সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৯০৭ জন। যার মধ্যে ২৪ হাজার ৭২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।

নভেম্বরের ১১ দিনে ডেঙ্গুতে ৫৯ মৃত্যু, শীর্ষে ঢাকা বিভাগ

দেশে গত এক দিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা যাওয়া সবাই ঢাকা বিভাগের। একই সময়ে আরও ১৯০০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৪৭৯ জনের প্রাণ গেল। এর মধ্যে চলতি নভেম্বরের ১১ দিনেই ৫৯ জন মারা গেছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জনের এবং সেপ্টেম্বর মাসে ১৪৮ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ও রোগী ভর্তিতে শীর্ষে অবস্থান করছে ঢাকা বিভাগ। বছরের শুরু থেকে এ পর্যন্ত ঢাকা বিভাগে ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার ৮১৫ জন; তাদের মধ্যে ছাড়া পেয়েছেন ৬০ হাজার ৯১৭ জন। এখনো হাসপাতালে ভর্তি আছে ২৬৬৩ জন। মৃত্যু ও রোগী ভর্তিতে দ্বিতীয় অবস্থানে আছে খুলনা বিভাগ। চলতি বছর এ বিভাগে মারা গেছে ৮৫ জন। মোট রোগী ভর্তি হয়েছে ২৩ হাজার ৭৪ জন, ছাড়া পেয়েছে ২২ হাজার ৩০ জন। এখনো হাসপাতালে ভর্তি আছে ৯৫৯ জন। বিভাগগুলোর মধ্যে এর পরে মৃত্যুর সংখ্যায় যথাক্রমে আছে চট্টগ্রাম ৪৭ জন, ময়মনসিংহ ৩৮ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে ৮ জন ও সিলেটে ৪ জন।

বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে ৭৮০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। অন্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৪২, বরিশালে ২৪৯, খুলনায় ২২৬, রাজশাহী ১৯৮, রংপুর বিভাগে ১০৯, ময়মনসিংহে ৮৫, সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন। তাদের নিয়ে চলতি বছর মোট ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪৯ হাজার ১২৩ জন রোগী হাসপাতাল ছেড়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৬৭ জন রোগী ভর্তি রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত