ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ

অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, কারা অধিদপ্তরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার সক্ষমতা বাড়াতে নেওয়া হচ্ছে ৯২টি উন্নয়ন প্রকল্প। এর মধ্যে ২৫টি প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন। অন্যদিকে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে নতুন করে প্রস্তাব করা হয়েছে আরও ৬৭টি প্রকল্প। এসব প্রকল্পের আওতায় বাহিনীগুলোর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, জরাজীর্ণ অবকাঠামো পুনর্র্নিমাণ, আধুনিক নজরদারি প্রযুক্তির সংযোজন, জরুরি সাড়াদান ব্যবস্থা শক্তিশালী করা এবং অপরাধীদের পুনর্বাসন ও চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থার অবকাঠামো ও কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়ানো, পুরোনো ও জরাজীর্ণ অবকাঠামোর আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা এবং জননিরাপত্তা ও পুনর্বাসনসেবা সম্প্রসারণ করা। সরকারের নির্বাচনি ইশতেহার এবং ২০২৬-২০৩১ মেয়াদি পঞ্চবার্ষিক পরিকল্পনার কৌশলগত কাঠামোর সঙ্গেও এসব উদ্যোগের সামঞ্জস্য রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়নে সমন্বয়হীনতা ও কাজের পুনরাবৃত্তি কমাতে পরিকল্পনা কমিশন এবার সমন্বিত কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে। একই ধরনের প্রকল্পগুলোকে আলাদা আলাদাভাবে বাস্তবায়নের পরিবর্তে একীভূত করে বড় কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার, প্রকল্পের মধ্যে সমন্বয় এবং বাস্তবায়নের দক্ষতা বাড়বে বলে মনে করছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা বর্তমানে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের মধ্যে ১৭টিই অবকাঠামো উন্নয়নসংক্রান্ত। চলমান প্রকল্পগুলোর বিপরীতে বরাদ্দ রয়েছে— ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা ৪২ কোটি ৩০ লাখ টাকা। তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা। বরাদ্দের তুলনায় এই ব্যয়ের হার খুবই কম। ফলে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো এখন সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

চলমান প্রকল্পের বাইরে সংশোধিত এডিপি কাঠামোর আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন নয়টি অধিদপ্তর ও সংস্থা নতুন করে ৬৭টি প্রকল্প প্রস্তাব করেছে। ২০৩০-৩১ সালের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রত্যাশিত সুফল পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বিপুলসংখ্যক প্রকল্পের পরিকল্পনার পাশাপাশি চলমান প্রকল্পের ধীরগতির বিষয়টি বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্নও তৈরি করছে।

পুলিশে সবচেয়ে বড় বিনিয়োগ : প্রস্তাবিত উন্নয়ন কর্মসূচিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটির অপারেশনাল সক্ষমতা পুনরুদ্ধার, যানবাহন সংকট দূর করা এবং জরাজীর্ণ থানা ও অন্যান্য স্থাপনা আধুনিকায়নে বড় বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত ৪ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভায় পুলিশের জন্য দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর একটি হলো ৪ হাজার ৩২৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন কেনা। অন্যটি ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন সংগ্রহ। এসব যানবাহন যুক্ত হলে পুলিশের টহল, দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, অপরাধ দমন এবং বিশেষ অভিযান পরিচালনার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া জরাজীর্ণ থানা ভবনগুলোর অবস্থা পরিবর্তনেও বড় পরিকল্পনা রয়েছে। ১ হাজার ৯০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১২৫টি থানা পুনর্র্নিমাণের প্রস্তাব রয়েছে। পাশাপাশি ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ-পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানাসহ আরও ১৫০টি স্থাপনা পুনর্র্নিমাণের প্রস্তাব পুনর্মূল্যায়ন করছে সরকার। এসব স্থাপনা আধুনিকায়নের মাধ্যমে পুলিশি সেবার পরিবেশ উন্নত করা এবং সাধারণ মানুষের জন্য সেবা গ্রহণ সহজ করার লক্ষ্য রয়েছে।

পুলিশের আধুনিকায়ন পরিকল্পনায় শুধু অবকাঠামো ও যানবাহন নয়, প্রযুক্তিনির্ভর সেবার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং নির্বাচিত আঞ্চলিক ইউনিটগুলোর জন্য স্মার্ট পুলিশিং উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে অপরাধ পর্যবেক্ষণ, তথ্য ব্যবস্থাপনা, দ্রুত যোগাযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন ব্যবস্থার আধুনিকায়নও এই উন্নয়ন পরিকল্পনার অংশ।

সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহার বাড়ছে : দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির অবকাঠামোগত সম্প্রসারণের পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি, দ্রুত প্রতিক্রিয়া এবং অপারেশনাল প্রস্তুতি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজিবির চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়ন। পাশাপাশি সীমান্ত নজরদারি ও নিরাপত্তাব্যবস্থাকে আরও কার্যকর করতে ড্রোন, অ্যান্টি-ড্রোন সিস্টেম এবং উন্নত পরীক্ষাগার সরঞ্জাম সংযোজনের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া বিজিবির জন্য একটি 'স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার' প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহারে দক্ষ জনবল তৈরি এবং সংশ্লিষ্ট সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর বাইরে চুয়াডাঙ্গায় বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।

সমুদ্র নিরাপত্তায় কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধি : সমুদ্রসীমার নিরাপত্তা, উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং নৌযান পরিচালনার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে বাহিনীর দ্রুত অভিযান পরিচালনা ও উপকূলীয় নজরদারি সক্ষমতা বাড়াতে ১৩টি উচ্চগতির বোট কেনার পৃথক প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সমুদ্রপথে অপরাধ নিয়ন্ত্রণ, উপকূলীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

ফায়ার সার্ভিসে বাড়ছে জরুরি সাড়াদান সক্ষমতা : জননিরাপত্তা ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াতেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। অগ্নিনির্বাপণ, উদ্ধার অভিযান এবং দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দেওয়ার সক্ষমতা বাড়াতে ২০টি ফায়ার স্টেশন নির্মাণ বা পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এর পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন চকরিয়া ও উখিয়ায় নতুন স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগের সময় জরুরিসেবা পৌঁছে দেওয়ার সক্ষমতা বাড়বে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ফায়ার সার্ভিসের উপস্থিতি বাড়ানো সম্ভব হবে।

মাদকাসক্তির চিকিৎসা ও পুনর্বাসনে নতুন উদ্যোগ : অভ্যন্তরীণ নিরাপত্তা পরিকল্পনায় শুধু আইনশৃঙ্খলা রক্ষা ও অবকাঠামো উন্নয়ন নয়, মাদক নিয়ন্ত্রণ এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনকেও গুরুত্ব দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে দেশের সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও পুনর্বাসনকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

এ উদ্যোগের মাধ্যমে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করা এবং পুনর্বাসনের সুযোগ বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি খুলনা, রংপুর ও ময়মনসিংহে পরীক্ষার সুবিধাসহ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব ল্যাবরেটরি মাদকসংক্রান্ত অপরাধ তদন্ত ও পরীক্ষার ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা দেবে।

কারাগারে অবকাঠামো উন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণ : কারা ব্যবস্থার আধুনিকায়নও সরকারের এই বৃহৎ কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কারাগারের ধারণক্ষমতা, বন্দিদের আবাসন পরিবেশ এবং প্রশাসনিক অবকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্প প্রস্তাব করা হয়েছে। এর আওতায় ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ, জামালপুর, কুমিল্লা ও নরসিংদী জেলা কারাগার পুনর্নির্মাণ এবং রংপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ঐতিহাসিক পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণের বিষয়টিও উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে কারা অবকাঠামোর আধুনিকায়নের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের উদ্যোগও নেওয়া হচ্ছে।

আনসার-ভিডিপির অবকাঠামো সম্প্রসারণ : দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থায় সহায়ক ভূমিকা পালনকারী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) অবকাঠামো উন্নয়নেও নতুন পরিকল্পনা রয়েছে। বাহিনীটির দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় আরও ১২টি অস্ত্রাগার নির্মাণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি আনসার-ভিডিপি একাডেমির ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।

বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ : সংশ্লিষ্টরা মনে করছেন, ৯২টি প্রকল্পের এই উদ্যোগ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থাকে অবকাঠামো, প্রযুক্তি ও জনসেবার দিক থেকে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনার প্রতিফলন। পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, সমুদ্র নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ও উদ্ধারসেবা, মাদকাসক্তদের পুনর্বাসন এবং কারা ব্যবস্থার উন্নয়ন— সব মিলিয়ে নিরাপত্তা খাতের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।

তবে এত বড় কর্মসূচি বাস্তবায়নে অর্থের সংস্থান, প্রকল্পের সময়মতো অনুমোদন, দক্ষ জনবল, ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোর সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে চলমান ২৫টি প্রকল্পে বরাদ্দের বিপরীতে ব্যয়ের নিম্ন হার নতুন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। কারণ নতুন প্রকল্প গ্রহণের পাশাপাশি পুরোনো প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে শেষ করাও জরুরি। সরকারের লক্ষ্য ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে প্রস্তাবিত প্রকল্পগুলোর সুফল নিশ্চিত করা। এখন দেখার বিষয়, পরিকল্পনার এই বিশাল বহর কতটা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ হলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোতে দৃশ্যমান পরিবর্তন আসতে পারে। তবে কেবল অবকাঠামো নির্মাণ ও আধুনিক সরঞ্জাম সংগ্রহই যথেষ্ট নয়; এসব সম্পদের কার্যকর ব্যবহার, প্রশিক্ষিত জনবল এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত