
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমামকে মিম্বর থেকে টেনে নামানো ও মুসল্লিদের ওপর হামলা, চুরিসহ হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর আসামি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মসজিদে সংঘর্ষের ঘটনায় রুহুল আমিনের ভূমিকা ও সংশ্লিষ্টতা যাচাই, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হামলার পেছনে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনা ছিল কি না এবং এ ঘটনায় কোনো আর্থিক লেনদেন হয়েছে কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এছাড়া সংঘর্ষে জড়িত ও নেতৃত্বদানকারীদের পরিচয়, ঘটনার পেছনের পরিকল্পনা ও উদ্দেশ্য, মুসল্লিদের ওপর হামলা এবং মসজিদের সম্পত্তি ভাঙচুরের ঘটনায় দায়ীদের শনাক্ত করার পাশাপাশি মামলার অন্য আসামিদের পরিচয় ও সংশ্লিষ্টতা উদ্ঘাটনে তাকে ৫ দিনের রিমান্ডের রিমান্ড একান্ত প্রয়োজন।
এদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন, রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত ১৮ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের একটি বাসা থেকে মাওলানা মুফতি রুহুল আমিনকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য প্রবাস ফেরত এক ব্যবসায়ী বায়তুল মোকাররম মসজিদে যান। জুমার নামাজের আগে বায়তুল মোকাররম মসজিদে ইসলামী ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এসময় রুহুল আমিনসহ অন্য আসামিরা মসজিদে প্রবেশ করে ইমামকে মিম্বর থেকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে আনেন এবং তাঁর হাত থেকে মাইক কেড়ে নেন। এ ঘটনায় বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে অপর এক আসামি লোহার রড দিয়ে এক মুসল্লির ডান চোখে আঘাত করেন। এতে তাঁর চোখ গুরুতর জখম হয়। এছাড়া অন্য আসামিদের হামলায় আরও ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন।
হামলাকারীরা ওই মুসল্লির পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যান এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ওই ঘটনায় হাফেজ মওলানা মোহাম্মদ জিয়াউর রহমানের নামে এক প্রবাসী বাদী হয়ে পল্টন থানায় মামলাটি দায়ের করেন। মামলায় রুহুল আমিনসহ অন্যদের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুরসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে আলোচনায় আসেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীও ছিলেন।