ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ

ফিরছে গ্রাহকের আস্থা
এক বছরে ব্যাংক আমানত বেড়েছে প্রায় ১৩ শতাংশ

দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় ফিরেছে। গত এক বছরে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ। গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা। ব্যাংক খাতের আর্থিক ভিত্তি ও সুশাসন জোরদারে চলমান সংস্কার উদ্যোগের মধ্যে আমানতের এই প্রবৃদ্ধিকে গ্রাহকদের আস্থা ফিরে আসার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি ৫০ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি ১০ লাখ টাকা। এদিকে, চলতি বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আমানত বেড়েছে ৩০ হাজার ৭ কোটি ৩০ লাখ টাকা বা ১ দশমিক ৪১ শতাংশ। আগস্ট শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ ছিল ২১ লাখ ৩২ হাজার ৫২১ কোটি ৩০ লাখ টাকা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে ব্যাংক খাতে সাধারণ মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। তিনি বলেন, কয়েকটি ব্যাংক সমস্যার মুখে পড়েছিল। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এসব ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করেছে। এর ফলে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব পড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র বলেন, ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, সুশাসন নিশ্চিত করা এবং বিনিয়োগ ও ঋণপ্রবাহ স্বাভাবিক করতে একটি সমন্বিত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরইমধ্যে ১৫টি ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) সম্পন্ন হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় বাকি ব্যাংকগুলোর মূল্যায়ন কার্যক্রমও এগিয়ে চলছে। তিনি জানান, খেলাপি ঋণ কমানো, মূলধন ঘাটতি মোকাবিলা, কর্পোরেট সুশাসন জোরদার এবং ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৪৪ কোটি ৩০ লাখ টাকা। আগস্টে এর পরিমাণ ছিল ১৮ লাখ ১২ হাজার ৮৩০ কোটি টাকা। তবে এক বছরের ব্যবধানে ঋণ ও অগ্রিমের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে, সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক উপকরণে ব্যাংকগুলোর বিনিয়োগ এক বছরে ৩১ দশমিক ৩১ শতাংশ বেড়ে গত সেপ্টেম্বরে ৭ লাখ ৬৭ হাজার ৭৩১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

পরিসংখ্যানে দেখা যায়, ব্যাংক খাতে আমানত সংগ্রহের প্রবৃদ্ধি ঋণ বিতরণের তুলনায় বেশি। আর্থিক খাতের বিদ্যমান চ্যালেঞ্জের কারণে বেসরকারি খাতে ঋণ সম্প্রসারণে ব্যাংকগুলো এখনও সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনেও কয়েকটি বেসরকারি ব্যাংকের আমানত সংগ্রহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির চিত্র উঠে এসেছে। বিশেষ করে তুলনামূলক শক্তিশালী আর্থিকভিত্তি ও সুশাসনসম্পন্ন ব্যাংকগুলোতে আমানত বাড়ছে।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাদের গ্রাহক আমানত ১৬ শতাংশ বেড়ে ১ লাখ ৩ হাজার ৯১ কোটি টাকা ছাড়িয়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ৭৭ হাজার ৯৪৭ কোটি টাকা। এ সময়ে খেলাপি ঋণের হার ছিল ২ দশমিক ২৭ শতাংশ। চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেড়ে ২ হাজার ১২১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

সিটি ব্যাংকের আমানতও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির আমানত ছিল ৬৩ হাজার ১৬৪ কোটি ২৪ লাখ টাকা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ৪১২ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে আমানত বেড়েছে ২২ দশমিক ৬ শতাংশ। ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মেয়াদি আমানত, সঞ্চয়ী আমানত ও চলতি হিসাবের আমানত বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে।

ব্যাংক এশিয়ার আমানতও চলতি বছরের প্রথম ৯ মাসে ১৯ শতাংশ বেড়েছে। এ সময়ে ব্যাংকটির আমানতের পরিমাণ ৪৪ হাজার ৬১৫ কোটি টাকা থেকে বেড়ে ৫৩ হাজার ৩০৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে ব্যাংকটির নিট মুনাফা ৩৪ শতাংশ বেড়ে ৪৭২ কোটি টাকা হয়েছে। গত বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ৩৫১ কোটি টাকা।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, এক বছরে ব্যাংক খাতে প্রায় ১৩ শতাংশ আমানত বৃদ্ধি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের একটি উৎসাহব্যঞ্জক লক্ষণ। তবে সব ব্যাংকে আমানত বৃদ্ধির চিত্র সমান নয় উল্লেখ করে তিনি বলেন, আমানতকারীরা এখন তুলনামূলক ভালো সুশাসন ও আর্থিক ভিত্তিসম্পন্ন ব্যাংককে বেশি গুরুত্ব দিচ্ছেন। এটি স্বাভাবিক প্রবণতা।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করা মাসরুর আরেফিন বলেন, তার ব্যাংকের আমানত ২২ শতাংশের বেশি বৃদ্ধি এই প্রবণতারই প্রতিফলন। তিনি বলেন, ব্যাংক খাতে আমানতকারীদের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সুশাসন, সম্পদের গুণগত মান এবং আর্থিক শৃঙ্খলার ধারাবাহিক উন্নতি নিশ্চিত করতে হবে।

এদিকে, সাধারণ আমানতকারীদের কাছে ব্যাংক খাতের পুনরুদ্ধারের সবচেয়ে বড় পরীক্ষা হলো প্রয়োজনের সময় নিজেদের অর্থ নির্বিঘ্নে উত্তোলন করতে পারা। এর মধ্যে রয়েছে নির্ধারিত সময়ে মেয়াদি আমানতের অর্থ ফেরত, চেক নিষ্পত্তি এবং এটিএম সেবা স্বাভাবিক রাখা। আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অতীতে এসব ব্যাংকের তারল্যসংকটের কারণে স্বাভাবিক ব্যাংকিংসেবা ব্যাহত হওয়ার ঘটনাও ঘটেছে।

এ পরিস্থিতি কাটিয়ে ন্যাশনাল ব্যাংক গত ১৫ অক্টোবর থেকে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু করেছে। আমানত উত্তোলন ও তারল্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার পর ব্যাংকটি এ কার্যক্রম শুরু করে। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, জনআস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুশৃঙ্খল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ব্যাংক খাতে আস্থা পুনরুদ্ধারে শুধু স্বল্পমেয়াদি তারল্য সহায়তা যথেষ্ট নয়। তিনি কর্পোরেট সুশাসন জোরদার, আর্থিক প্রতিবেদন স্বচ্ছ করা, ঋণ আদায় বাড়ানো, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ এবং আর্থিক অনিয়মের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ব্যাংকগুলোর চলমান সম্পদের গুণগত মান পর্যালোচনা এবং সংস্কার উদ্যোগের মাধ্যমে প্রতিটি ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থা চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, আমানত বৃদ্ধির এই ধারা অব্যাহত রাখার পাশাপাশি উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো গেলে বেসরকারি বিনিয়োগ, শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংক খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে ব্যাংক খাতের অবদান বাড়াতে জনগণের সঞ্চয় সংগ্রহের পাশাপাশি সেই অর্থ উৎপাদনশীল বিনিয়োগে দক্ষতার সঙ্গে ব্যবহার নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত