ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা

২৯টির কার্যক্রম বন্ধ
গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা

দেশের বিভিন্ন স্থানে গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ব্যাংকিং খাত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, আমানতকারীদের অর্থের নিরাপত্তা, ঋণপ্রবাহ বজায় রাখা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যাংকের শাখা ও কার্যালয়ের মাধ্যমে প্রতিদিন বিপুলসংখ্যক গ্রাহক লেনদেন, সঞ্চয়, ঋণসহ বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করেন। তাই ব্যাংকিং কার্যক্রমের নিরাপদ, স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন পরিবেশ বজায় রাখা দেশের অর্থনীতি ও জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থাপনায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্রাহকসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকটি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংকের মালিকানা ও কার্যক্রমের পরিসর তুলে ধরে বলা হয়, ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪টি জেলায় ব্যাংকটির ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিস রয়েছে। এ ছাড়া ব্যাংকটির নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জেলার মোট ১০৪টি শাখা ও কার্যালয় অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে গত ১০ নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত। ব্যাংকটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিনিয়োগ করা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চললেও সাময়িকভাবে বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকেরা এ সেবা নিতে পারছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য প্রয়োজনীয় ঋণ গ্রহণেও সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা সমস্যায় পড়ছেন। এতে এসব অঞ্চলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয়ে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যাংকের সম্পদ ও স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে এসব ঘটনা গ্রামীণ অর্থনীতি, আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা পাওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবেন বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত