ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগ নির্মাণ

বগুড়া-সিরাজগঞ্জ রেল সংযোগ নির্মাণ

বগুড়া ও সিরাজগঞ্জের মধ্যে নতুন ৮৬ দশমিক ৫১ কিলোমিটার দীর্ঘ ডুয়েলগেজ রেললাইন নির্মিত হলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের দূরত্ব আরও কমে আসবে। এতে রেলপথের দূরত্ব প্রায় ১১২ কিলোমিটার কমার পাশাপাশি যাত্রীদের প্রায় আড়াই ঘণ্টা ভ্রমণ সময় সাশ্রয় হবে।

দীর্ঘ প্রতীক্ষিত এ প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের জেলাগুলোর সরাসরি ও দ্রুত রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এর ফলে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড় ও দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এবং পরিবহন বিশেষজ্ঞরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে আঞ্চলিক যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে এবং উত্তরাঞ্চলের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বাংলাদেশ রেলওয়ের প্রধান পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনগুলোকে ঢাকায় পৌঁছাতে সিরাজগঞ্জের যমুনা নদীর পূর্ব তীরে আসার জন্য সান্তাহার জংশন, নাটোর ও ঈশ্বরদী হয়ে দীর্ঘপথ ঘুরে আসতে হয়। তিনি আরও বলেন, প্রস্তাবিত বগুড়া-সিরাজগঞ্জ সরাসরি রেল সংযোগ চালু হলে এ দীর্ঘপথ ঘুরে যাওয়ার প্রয়োজন হবে না। এতে রেলপথের দূরত্ব প্রায় ১১২ কিলোমিটার কমবে এবং যাত্রী ও ব্যবসায়ী উভয়ই উপকৃত হবেন বলে তিনি জানান। তিনি আরও বলেন, সান্তাহার থেকে কাহালু পর্যন্ত ৩০ কিলোমিটার সংযোগ রেললাইন নির্মাণের কাজও সমান্তরালভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে প্রকল্প পরিচালক (পিডি) মো. আবু জাফর মিয়া বলেন, নির্মাণকাজ ও তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে এরমধ্যেই আগ্রহপত্র (ইওআই) আহ্বান করা হয়েছে। আগ্রহপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ও বর্তমানে সেগুলো মূল্যায়ন করা হচ্ছে বলে তিনি জানান। প্রকল্পের মূল নির্মাণকাজের দরপত্র দলিল অর্থায়নকারী সংস্থা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) কাছে অনাপত্তিপত্রের (এনওসি) জন্য পাঠানো হয়েছে। আবু জাফর মিয়া বলেন, ব্যাংকের অনাপত্তিপত্র পাওয়ার পর মূল নির্মাণকাজের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।

তিনি আরও বলেন, নতুন রেল সংযোগ চালু হলে বগুড়া ও ঢাকার মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে। একই সঙ্গে রাজধানী ও উত্তরাঞ্চলের মধ্যে পণ্য পরিবহনের সক্ষমতাও বাড়বে। উন্নত যোগাযোগব্যবস্থার ফলে উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে তাজা শাকসবজি, খাদ্যশস্য ও শিল্পপণ্য দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোতে দ্রুত এবং কম খরচে পরিবহন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পের নথি অনুযায়ী, 'বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ রেললাইন নির্মাণ (প্রথম সংশোধিত)' শীর্ষক প্রকল্পটির মোট অনুমোদিত ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৫৭০ কোটি ২৯ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়ন ৩ হাজার ৮১ কোটি টাকা। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) মাধ্যমে বৈদেশিক প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে ৭ হাজার ৪৮৪ কোটি ৪০ লাখ টাকা। এ ছাড়া প্রকল্পটিতে ৪ কোটি ৮৯ লাখ টাকার অনুদান রয়েছে। ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রকল্পটির ক্রমপুঞ্জীভূত আর্থিক অগ্রগতি ছিল ২৭ দশমিক ৭২ শতাংশ।

প্রকল্পের আওতায় ৮৬ দশমিক ৫১ কিলোমিটার মূল রেললাইন ও ১৬ দশমিক ৩০ কিলোমিটার লুপ লাইন নির্মাণ করা হবে। ট্রেন ক্রসিংয়ের সুবিধা ও যাত্রীদের ওঠানামা সহজ করতে রেলপথের বিভিন্ন স্থানে সাতটি আধুনিক স্টেশন ভবন নির্মাণ করা হবে। নিরাপদ ও দক্ষ ট্রেন চলাচল নিশ্চিত করতে ছয়টি স্টেশনে কম্পিউটারভিত্তিক সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থা স্থাপন করা হবে।

এ ছাড়া নিচু এলাকা, খাল, নদী ও অন্যান্য জলপথ পারাপারের জন্য বিভিন্ন আকারের ১২১টি সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে। এসব সেতু ও কালভার্টের নকশা এরমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।

ভূমি অধিগ্রহণের বিষয়ে প্রকল্প পরিচালক আবু জাফর মিয়া বলেন, প্রয়োজনীয় অর্থ সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের (ডিসি) কাছে এরমধ্যেই পাঠানো হয়েছে। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণের অর্থ বিতরণ শুরু করেছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসনগুলোর কাছে ভূমি অধিগ্রহণের অর্থ পৌঁছে দেওয়ায় মাঠপর্যায়ে জমি বুঝে নেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে।

এখন আমাদের অগ্রাধিকার হচ্ছে দ্রুত দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা, যোগ্য ও অভিজ্ঞ ঠিকাদার নিয়োগ দেওয়া ও মূল নির্মাণকাজ শুরু করা। প্রকল্পটি সম্পন্ন হলে জাতীয় রেলওয়ে নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে, দেশের অভ্যন্তরীণ ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং সকল জেলা ও প্রধান শহরকে একটি সমন্বিত আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।

উন্নত পরিবহন যোগাযোগের ফলে শিল্পায়ন উৎসাহিত হবে, কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারিত হবে ও আঞ্চলিক অর্থনৈতিক বৈষম্য কমাতে সহায়তা করবে বলেও আশা করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করে আবু জাফর মিয়া বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে ও প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ইনশাআল্লাহ, ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের সব কাজ শেষ করে নতুন এই সরাসরি রেলপথে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত