
পর্তুগালের ভিসা সংগ্রহের আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন পাঁচ বাংলাদেশি। তাদের অভিযোগ, ভারতে যাওয়ার পর একটি চক্র তাদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে তাদের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
দেশে ফিরে গত বৃহস্পতিবার ফেনীর পরশুরাম উপজেলার উত্তর বাজার এলাকায় তাদের বহনকারী সিএনজি অটোরিকশা চালকসহ আটক হন তারা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। আটকরা হলেন-নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিমনগর এলাকার সাজিদুল ইসলাম (২৮), মোহাম্মদ মোকসিদুল ইসলাম (২৬), দক্ষিণ মির্জানগর এলাকার মোয়াজ্জেম হোসেন (২৭), আদিয়াবাদ এলাকার ফয়সাল মোল্লা (২৮), কাশিমনগর এলাকার কামাল উদ্দিন (২৬) এবং তাদের বহনকারী সিএনজি অটোরিকশার চালক পরশুরাম পৌরসভার খন্দকিয়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে বেলাল হোসেন (৩৬)। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর আখাউড়া চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন ওই পাঁচজন। তাদের উদ্দেশ্য ছিল পর্তুগালের ভিসা সংগ্রহ করা। তবে ভারতে যাওয়ার পর তারা একটি দালাল চক্রের খপ্পরে পড়েন। চক্রটি তাদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী জয়ন্তীনগর, বীরচন্দ্র নগর অথবা মেলাঘর সীমান্ত এলাকার কোনো একটি স্থান দিয়ে তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের দাবি, মির্জানগর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তারা একটি সিএনজি অটোরিকশা নিয়ে পরশুরামের দিকে যাচ্ছিলেন। গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সুবার বাজার সড়কে তাদের বহনকারী অটোরিকশাটি থামানোর সংকেত দেন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে পরশুরাম উত্তর বাজার এলাকায় অটোরিকশাসহ ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল ও সদস্যসচিব কামরুল হাসান বাবুর নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা তাদের আটক করেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরাকে কেন্দ্র করে পরশুরাম সীমান্ত এলাকায় বিজিবি-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সীমান্ত এলাকায় নিয়মিত পাহারা দিচ্ছেন। সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে তাদের আটক করা হয়। একপর্যায়ে অনুপ্রবেশের বিষয় জানতে পেরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে পরশুরাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফল ইসলাম বলেন, আটকদের পরিচয় ও তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে একটি দালাল চক্র তাদের জিম্মি করে পাসপোর্ট ও নগদ টাকা নিয়ে গেছে।
তিনি বলেন, আটকদের মধ্যে একজন বাদী হয়ে মানবপাচার চক্রের সদস্য ও দালালদের বিরুদ্ধে থানায় মামলা করবেন। অন্যরা ওই মামলায় সাক্ষী থাকবেন। শুক্রবার সকালে তাদের আদালতে পাঠানো হবে। সেখানে জবানবন্দি দেওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।