ঢাকা বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

তাইওয়ানে ছয় মাত্রার ভূমিকম্প

তাইওয়ানে ছয় মাত্রার ভূমিকম্প

তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আজ ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। তবে, এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তাইপে থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ইউএসজিএস জানায়, স্থানীয় সময় বুধবার বিকেল ৫টা ৪৭ মিনিটে তাইতুন কাউন্টিতে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

এর আগে তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ বলে ধারণা করেছিল। ন্যাশনাল ফায়ার এজেন্সির তথ্যানুযায়ী, এখন পর্যন্ত দ্বীপটির পরিবহন নেটওয়ার্কে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির প্রভাব রাজধানী তাইপেসহ আরও উত্তরের এলাকায় অনুভূত হয়, যেখানে কিছু ভবন কেঁপে ওঠে। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, তাইতুনে সুপারমার্কেটের তাক থেকে পণ্য পড়ে ভেঙে যাচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর কাছে দু’টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। ইউএসজিএস-এর মতে, এই অঞ্চলটি বিশ্বের সবচেয়ে ভূকম্পন-সক্রিয় এলাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত