
লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক এবং ৯ প্যারামেডিক নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শনিবার দক্ষিণ লেবাননে হামলা চালানো হয়। জেজিন রোডে প্রেস লেখা গাড়িতে হামলা চালায় ইসরায়েল। এতে আল মায়াদিনের ফাতিমা ফতুনি এবং তার ভাই ও সহকর্মী মোহাম্মদ এবং আল-মানারের আলি শুয়াইব নিহত হন। খবর আল জাজিরার।
আল মায়াদিন জানিয়েছে, চারটি নির্ভুল ক্ষেপণাস্ত্র গাড়িটিতে আঘাত হানে। হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এবং একজন প্যারামেডিক নিহত হয়েছেন। এছাড়া বেশ কিছু অ্যাম্বুলেন্সকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, শনিবার দক্ষিণ লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে পাঁচটি পৃথক হামলায় আরও আটজন প্যারামেডিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীও এই হামলার কথা স্বীকার করেছে। তারা দাবি করেছে, শুয়াইব হিজবুল্লাহর একটি গোয়েন্দা ইউনিটে কর্মরত ছিলেন এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান পর্যবেক্ষণ করছিলেন। তারা আরও অভিযোগ করেছে যে, তিনি হিজবুল্লাহর প্রচারণামূলক বার্তা বিতরণ করছিলেন। তার নিয়োগকর্তা আল-মানার তাকে তাদের অন্যতম বিশিষ্ট যুদ্ধ বিষয়ক সংবাদদাতা হিসেবে বর্ণনা করেছে, যিনি কয়েক দশক ধরে লেবাননের ওপর ইসরায়েলি হামলার সংবাদ সংগ্রহ করেছেন।