
ইরানে হামলার প্রশ্নে যুক্তরাষ্ট্রকে সমর্থন না দেওয়ায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেলোনিকে ‘সাহসহীন’ উল্লেখ করে তিনি বলেন, ইতালীয় প্রধানমন্ত্রীকে তিনি যতটা সাহসী মনে করেছিলেন, বাস্তবে তিনি তেমন নন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। গত মঙ্গলবার ইতালীয় সংবাদপত্র কোরিয়ারে ডেলা সেরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মেলোনির ওপর বিস্মিত। ভেবেছিলাম তার সাহস আছে, কিন্তু আমি ভুল ছিলাম। মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থি সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার ঘোষণা দেওয়ার পরই এমন মন্তব্য করেন ট্রাম্প। তিনি আরও বলেন, জর্জিয়া মেলোনি এই যুদ্ধে আমাদেরকে সাহায্য করতে চান না। আমি বিস্মিত। আপনার দেশের মানুষ কি এটা পছন্দ করে যে তাদের নেতা ইরানের তেল নিয়ে কিছুই করছেন না?