
ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কিছুতেই পিছু ছাড়ছে না পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতাদের। দুর্নীতির অভিযোগে তাঁদের বাসাবাড়িতে চালানো হচ্ছে তল্লাশি। গতকাল শনিবার ভোরে ইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তৃণমূল নেতা ও দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে তল্লাশি অভিযান চালিয়েছে। সেখানে সুমিত রায় নামে এক ব্যক্তিকে ধরতে এই অভিযান বলে জানা গেছে। ইডির পক্ষ থেকে দাবি করা করা হচ্ছে, জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার সাবেক তৃণমূল বিধায়ক সুজয় হাজরা ইডির জেরায় তাঁর আপ্ত সহায়ক হিসেবে সুমিত রায়ের নাম বলেছেন। এই সুমিত জমির দালালি করতেন। ইডির দাবি, সুমিত রায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আশ্রয় নিয়েছেন বলে ইডির কাছে এসেছে। এরপরই ইডি সুমিত রায়ের মুঠোফোনের অবস্থান পরীক্ষা করে দেখতে পায়, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে আত্মগোপন করে আছেন। এরপরই ইডি আজ ভোরে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের সহায়তায় অভিষেকের বাসভবনে গিয়ে বাড়ির তালা ভেঙে তল্লাশি চালায়। তবে তারা সেখানে সুমিত রায়ের খোঁজ পায়নি বা ধরতে পারেনি।