
ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতে গরু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদলতের এই পদক্ষেপ অভিনেতা থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথন ও বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের একটি বেঞ্চ রাজ্যজুড়ে ঈদুল আজহা বা অন্য যেকোনো দিন গরু কিংবা বাছুর জবাই করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিশেষ আপিল আবেদন করে মুখ্যমন্ত্রী বিজয়ের সরকার। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এ বিষয়ে শুনানিতে হাইকোর্টের আদেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন।
আদালত স্পষ্ট জানায়, হাইকোর্টের ওই নির্দেশে একটি বড় ধরনের ‘সংশোধন’ বা পর্যালোচনার প্রয়োজন রয়েছে। বিজয় সরকারের আইনজীবীদের যুক্তি ছিল, হাইকোর্টের এই ঢালাও নিষেধাজ্ঞা ‘তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন, ১৯৫৮’-এর পরিপন্থী। ওই আইন অনুযায়ী, ১০ বছরের বেশি বয়সী এবং কাজ বা প্রজননে অক্ষম গরু নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও শংসাপত্র নিয়ে কসাইখানায় জবাই করার বৈধ নিয়ম রয়েছে।