
কুখ্যাত ৯/১১ হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচিত খালিদ শেখ মোহাম্মদের বিচারের তারিখ নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের একটি সামরিক আদালতের বিচারক। আগামী ২০২৮ সালের ৫ জুন থেকে শুরু হবে খালিদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারিক কার্যক্রম।
গতকাল বুধবার এক লিখিত আদেশ সামরিক আদালতের বিচারক লেফটেন্যান্ট কর্নেল (বিমান বাহিনী) মাইকেল এ. স্ক্রামা এ তথ্য নিশ্চিত করেছেন।
আদেশে বিচারক বলেছেন, আদালত ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে বিচার কার্যক্রম শুরু করতে চেয়েছিলেন, কিন্তু বিচারে কোন কোন সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা যাবে তা নিয়ে মতবিরোধসহ বিচার-পূর্ববর্তী বিবাদগুলো নিষ্পত্তির জন্য এই অতিরিক্ত সময়ের প্রয়োজন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী ঘটনা ‘৯/১১ হামলা’ ঘটেছিল ২০০১ সালের সেপ্টেম্বর মাসের ১১ তারিখে। ১৯ জন বিদেশি সন্ত্রাসী চারটি বাণিজ্যিক বিমান অপহরণ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টরের টুইন টাওয়ার এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগনে হামলা চালায়। হামলায় সন্ত্রাসীরাসহ নিহত হয়েছিলেন মোট ২ হাজার ৯৭৭ জন।