
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকিকে কেন্দ্র করে কয়েক মাস ধরে চলা উত্তেজনা কমাতেই গত মঙ্গলবার এ চুক্তি করা হয়।
ডেনমার্ক সরকারের প্রকাশ করা চুক্তির নথি অনুযায়ী, ১৯৫১ সালে গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে হওয়া চুক্তির সঙ্গে নতুন চুক্তিটি যুক্ত হবে। এতে সামরিক, ন্যাটো, গ্রিনল্যান্ডের অধিকার ও বিনিয়োগসংক্রান্ত বেশ কিছু বিষয় রয়েছে। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিকঘাঁটি স্থাপন করতে পারবে। এর একটি হবে দক্ষিণ গ্রিনল্যান্ডের নারসারসুয়াকে এবং অন্যটি পূর্ব উপকূলের মেস্টারসভিগে। এছাড়া গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের একমাত্র সক্রিয় সামরিক ঘাঁটি পিটুফিক স্পেস বেস সম্প্রসারণের সুযোগ থাকবে।
গ্রিনল্যান্ডের পুরো এলাকায়, এমনকি দেশটির আঞ্চলিক জলসীমাতেও মার্কিন বিমান ও জাহাজ চলাচল, অবতরণ এবং সমুদ্রের নিচ দিয়ে চলাচলের অধিকার পাবে। তবে চুক্তিতে যুক্তরাষ্ট্র কত সেনা মোতায়েন করবে বা কখন এসব কার্যক্রম শুরু হবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। চুক্তিতে আর্কটিক অঞ্চলে ন্যাটোর উপস্থিতি আরও শক্তিশালী করার প্রতি সমর্থন জানানো হয়েছে। একই সঙ্গে ডেনমার্ক এ অঞ্চলে নিজেদের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।
ভবিষ্যতে গ্রিনল্যান্ড স্বাধীন হলেও সেটিকে ন্যাটোর সদস্য রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডকে। প্রয়োজন হলে নতুন রাষ্ট্র হিসেবে গ্রিনল্যান্ডকে ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করতে হবে।