
ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি পর্যটকবাহী স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন।
এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এসময় অনেকে বাস থেকে ঝাঁপিয়ে পড়ে প্রাণ বাঁচান। গতকাল বৃহস্পতিবার ভোরে নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৩৪ জনের বেশি যাত্রী ছিলেন। আগুন লাগার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। জানা গেছে, বাসটি নয়ডা থেকে যমুনা এক্সপ্রেসওয়ে হয়ে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্কিত হয়ে কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে যমুনা এক্সপ্রেসওয়ের পাশে বাসটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও জেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজ শুরু করে। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। ঘটনার খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির খোঁজ নেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতা করার নির্দেশও দেন।