
ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া এবং ইউক্রেনে শান্তি ফেরাতে ব্যর্থ হওয়ার পরও নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কার ঘোষণা করার কথা রয়েছে। এর ঠিক আগে গত বুধবার নিজের এই আকাঙ্ক্ষার কথা নতুন করে জানান তিনি। এই পুরস্কারের বিষয়ে ট্রাম্প বলেন, 'তারা কী সিদ্ধান্ত নেবে আমি জানি না। তবে আমার মতো মানুষদের এই পুরস্কার না দেওয়ার একটি বদনাম তাদের রয়েছে।' গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্প বারবার বলে আসছেন যে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি তারই প্রাপ্য। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'এখনই সময় এটি পাওয়ার।' তবে তিনি এ-ও যোগ করেন, গতবার পুরস্কারটি যিনি পেয়েছিলেন, তিনি ইনডাইরেক্টলি সেটি আমাকে উৎসর্গ করেছিলেন। তিনি বলেছিলেন, ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি কেউ এটি পাওয়ার যোগ্য নয়। এতে আমি অত্যন্ত সম্মানিত বোধ করেছি।
ভেনেজুয়েলার রাজনীতিতে মার্কিন সমর্থন পাওয়ার আশায় দেশটির বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো গত জানুয়ারিতে তার নিজের পাওয়া ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের পদকটি ট্রাম্পের হাতে তুলে দিয়েছিলেন। গত বছরের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে আটটি সংঘাত থামানোর দাবি করে ট্রাম্প বলেছেন, তার এই অবদানের জন্য তারই নোবেল পুরস্কার পাওয়া উচিত।