ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

চোরাই মাছভর্তি ট্রাক খাদে

চোরাই মাছভর্তি ট্রাক খাদে

পুকুর থেকে মাছ চুরি করে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে আটকিয়ে যায় মাছ ভর্তি ট্রাক। এ সময় ট্রাকটি উদ্ধার করতে না পেরে মাছসহ ট্রাকটি ফেলে পালিয়ে যায় চোর সিন্ডিকেটের সদস্যরা। ঘটনাটি ঘটেছে রাজশাহী দুর্গাপুর উপজেলার ৪ নং দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে। বৃহস্পতিবার ভোরে উপজেলার কিশোরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুকুর মালিক কবির হোসেন দুর্গাপুর থানায় দেওয়া এজাহারে উল্লেখ করেন, কিশোরপুর গ্রামে তাঁর একটি লিজ নেওয়া পুকুর রয়েছে। সেখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন তিনি। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ছেলে ফাহিমকে নিয়ে পুকুরের চারপাশ দেখাশোনা করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন তিনি।

এরপর বৃহস্পতিবার ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে পুকুরের দিকে যাওয়ার সময় স্থানীয় গোলাম রাসুল তাকে জানান, পুকুর থেকে মাছ চুরি হয়েছে।

পরে পুকুরপাড়ে গিয়ে কবির দেখতে পান, পানিতে জাল টানার চিহ্ন এবং মাছের বস্তা ও জাল তোলার চিহ্ন রয়েছে। পুকুরের চারপাশে থাকা গাছের ডালও মাড়ানো অবস্থায় দেখতে পান তিনি।পরে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে জানতে পারেন, কানপাড়া থেকে দুর্গাপুরগামী পাকা সড়কের কিশোরপুর মোড়ে একটি মিনি ট্রাক খাদে পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, ঢাকা মেট্রো-ন-১১-২৪৮৭ নম্বরের একটি মিনি ট্রাক সড়কের পাশে পড়ে আছে। ট্রাকটির ওপর ও আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে মাছের বস্তা এবং জাল পড়ে ছিল। পাশের একটি পুকুরের পানিতেও মাছের বস্তা ও মাছ ভাসতে দেখা যায়।

কবির হোসেন আরো বলেন, পুকুর থেকে প্রায় ৩০ মণ মাছ চুরি হয়েছে। এতে আমার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

তবে মাছ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে যেতে দেরি করেছে বলেও অভিযোগ করেন তার ভাই আনোয়ার হোসেন। তার দাবি, ভোর ৬টার দিকে থানায় খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে যায় সকাল ১০টার দিকে। এতে বস্তায় থাকা মাছগুলো মারা যায়। সময়মতো পুলিশ ঘটনাস্থলে গেলে মাছগুলো উদ্ধার করে বিক্রি করা সম্ভব হতো বলে দাবি করেন তিনি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাদে পড়ে থাকা ঢাকা মেট্রো-ন-১১-২৪৮৭ নম্বরের মিনি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। মাছ চুরির ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত