ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

ইরানের ওপর স্থল অবরোধ 'প্রায় অসম্ভব': আরাঘচি

ইরানের ওপর স্থল অবরোধ 'প্রায় অসম্ভব': আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের ওপর কোনো ধরনের স্থল অবরোধ আরোপ করা 'প্রায় অসম্ভব'। দেশটির বিশাল ভূখণ্ড এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সীমান্তবর্তী প্রদেশগুলোর গভীর সম্পর্ক থাকায় বাইরের কোনো চাপ বা অবরোধ কার্যকর করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। গতকাল মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা (আইএসএনএ)-এর প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাদেশিক কার্যালয়ের প্রধানদের অংশগ্রহণে আয়োজিত এক সেমিনারের ফাঁকে আরাঘচি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের 'বিশাল ভূখণ্ড' এবং 'অসংখ্য প্রদেশ' মার্কিন নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ মোকাবিলায় বড় ভূমিকা রাখবে। বিশেষ করে প্রদেশগুলোর 'বহুমুখী সক্ষমতা' এক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

আরাঘচি বলেন, সীমান্তের উভয় পাশে মানুষের নিয়মিত যাতায়াত, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন ইরানের প্রদেশগুলোতে বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশগুলোতে এমন এক সক্ষমতা তৈরি করেছে, যা আমাদের শত্রুরা যা কিছু বন্ধ করতে চায়, তা পুনরায় খুলে দিতে আমাদের সাহায্য করতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, বাণিজ্য বাধা দূর করা এবং নতুন বাজারে প্রবেশের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টাও সমানতালে অব্যাহত রয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত