
অননুমোদিত পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টার সময় ওমানের খাসাব বন্দরের উত্তরে দুটি তেল ট্যাংকারে সামুদ্রিক মাইন আঘাত হেনেছে। এতে ট্যাংকার দুটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায় বলে বৃহস্পতিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত নৌযান দুটির একটি ছিল ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বহনকারী সুপারট্যাংকার।
এর আগে, ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলেছিল, বৃহস্পতিবার দুবাই থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ট্যাংকারের কাছে অজ্ঞাত বস্তুর আঘাতে বিস্ফোরণ ঘটেছে। সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ওই অঞ্চলের জাহাজসংশ্লিষ্ট ঘটনাগুলোকে প্রায়ই অজ্ঞাত বস্তুর আঘাত হিসেবে উল্লেখ করে এবং তাদের তথ্যের সঙ্গে আইআরজিসির দাবির সব সময় মিল পাওয়া যায় না। ইরান দীর্ঘদিন ধরে সতর্ক করে বলেছে, সামুদ্রিক মাইনসহ অন্যান্য ঝুঁকির কারণে তেহরানের সঙ্গে সমন্বয় না করে কোনো নৌযান নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে না।
বৃহস্পতিবার আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, মার্কিন অর্থনীতির ওপর চাপ সৃষ্টি এবং ইরানকে রক্ষা করতে হরমুজ প্রণালি বন্ধ রাখার জন্য বাহিনী ভারী গোলাবর্ষণ ব্যবহার করছে। একই সঙ্গে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী আজমাই বলেছেন, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ কার্যকর নিয়ন্ত্রণ রয়েছে এবং সেখানে নিরাপদ চলাচল ইরানের বৈধ সার্বভৌম অধিকারের প্রতি শ্রদ্ধার ওপর নির্ভর করে।