ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন কারাগারে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন কারাগারে

সন্ত্রাসবিরোধী আইনে পল্টন থানার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক উপ-ধর্মবিষয়ক সম্পাদক মনিরুজ্জামান বাবু, ২৭ নম্বর ওয়ার্ডের (তেজগাঁও) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল এবং সাতক্ষীরার আসাসুনি উপজেলার আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ওরফে ডালিমকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন তিন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। তাদের পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন চেয়ে শুনানি করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে কলুষিত করার জন্য এবং সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত, ক্ষতিসাধনের জন্য এবং ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনায় লিপ্ত ছিলেন। অভিযোগে আরও বলা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫০/৬০ জন নেতাকর্মী ওইদিন সকাল ৫টা ২০ মিনিটের দিকে গুলিস্তানে সমবেত হয়ে মিছিল করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান। তাদের মিছিলের স্লোগান শুনে ও আনুষঙ্গিক কার্যক্রমে পুলিশ বুঝতে পারে— তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সমর্থক। তারা একত্রিত হয়ে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার জন্য ও বড় ধরনের অঘটন ঘটানোর জন্য সরকারবিবোধী স্লোগান প্রদান ও সমাবেশ আয়োজনের চেষ্টা করছিলেন। তারা প্রচলিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে অমান্য করে যেকোনও বড় ধরনের আঘাত ঘটাতে পারেন। গণজমায়েত হয়ে অজ্ঞাতনামা আসামিরা দেশের সর্বভৌমত্বকে আঘাত ও মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে অংশগ্রহণ করেন বলে মামলায় অভিযোগ করে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত