
বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক ও সাংগঠনিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ঝালকাঠিতে যাওয়ার পথে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে সেদিন রাতেই তাকে স্থানীয় ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকায় নিয়ে আসেন। বর্তমানে তিনি রাজধানীর ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মো. মতিউর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে সংবাদপত্র শিল্পের কর্মচারী ও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সম্মুখসারির নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতির পাশাপাশি সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব এবং মনিটরিং কমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় পরিবার এবং বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে দেশবাসীসহ সকল সহকর্মী ও শুভানুধ্যায়ীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। এছাড়া তার অসুস্থতার খবরে সংবাদপত্র শিল্পের বিভিন্ন সংগঠন, সাংবাদিক নেতা ও সহকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়েছেন।