
ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) গত রোববার বাংলাদেশসংলগ্ন রাজ্য পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ভোট গ্রহণ হবে দুই দফায়- ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। ভোট গণনা করা হবে ৪ মে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর অর্থাৎ ২০২৬ সালে ভারতের একাধিক রাজ্য ও ইউনিয়ন টেরিটরির বিধানসভা নির্বাচনে মোট ৮২৪টি আসনে ভোট হবে, যেখানে প্রায় ১৭ কোটি ৪০ লাখ ভোটার গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেবেন। প্রায় ২ লাখ ১৮ হাজার ভোটকেন্দ্র স্থাপন করা হবে এবং ২৫ লাখ নির্বাচনী কর্মকর্তা এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবেন। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যগুলো নির্বাচনী আচরণবিধি জারি হয়েছে এবং সমস্ত প্রশাসনিক নিয়ন্ত্রণ এখন নির্বাচন কমিশনের অধীনে। পশ্চিমবঙ্গের নির্বাচনের মূল তারিখ, পর্যায়ভিত্তিক সময়সূচি এবং আসনসংখ্যার একটি সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো-
এর আগে, ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়, যা এক মাসেরও বেশি সময় ধরে চলেছিল। তবে এবার পশ্চিমবঙ্গের নির্বাচন হবে মাত্র দুই দফায়। কমিশনের ঘোষণা অনুযায়ী, রাজ্যে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৫ লাখ এবং ভোটকেন্দ্র রয়েছে ৮০ হাজার ৭১৯ টি। এবারে, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হবে ২৩ এপ্রিল। এই ধাপের নির্বাচনের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ৩০ মার্চ, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল, মনোনয়ন যাচাই-বাছাই ৭ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৯ এপ্রিল এবং ভোট গ্রহণের তারিখ ২৩ এপ্রিল।
দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট গ্রহণ হবে। এই ধাপের ভোট গ্রহণের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ২ এপ্রিল, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৯ এপ্রিল, মনোনয়ন যাচাই-বাছাই ১০ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৩ এপ্রিল, ভোটগ্রহণের তারিখ ২৯ এপ্রিল। দুই ধাপের ভোট গ্রহণ শেষে ভোট গণনা এবং ফলাফল প্রকাশ হবে ৪ মে।