
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দেওয়ার সময় এক মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই সময় বাড়ানো হয়েছে। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে ১১তম কমিশন সভা শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “গেজেট প্রকাশের এক মাসের মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাদের নির্বাচনি ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার কথা ছিল। তবে, এই সময়সীমা বাড়াতে কয়েকজন প্রার্থী আবেদন করেছেন। এর জেরে কমিশন আরও এক মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে তারা তাদের ব্যয়ের রিটার্ন জমা দিতে পারেন।”