ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

ভারি বৃষ্টিপাতে দেশের কয়েকটি জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কেন্দ্রের সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাশ গতকাল বৃহস্পতিবার বিকালে বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার পর সিলেট, ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের আপার অঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা তিন থেকে চারদিন অব্যাহত থাকতে পারে। এ কারণে এসব এলাকার নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।’

গতকাল বৃহস্পতিবার সকালে কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বর্তমানে দেশের সব প্রধান নদ-নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে ভারি থেকে অতিভারি এবং উজানে ভারতের মেঘালয় প্রদেশে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া সংস্থাগুলোর বরাত দিয়ে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, আগামী পাঁচ দিন দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বেড়েছে; যা আগামী এক দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী চার দিন বাড়তে পারে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

কেন্দ্রের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি সমতল বেড়েছে, যা আগামী তিন দিন অব্যহত থাকতে পারে।

আর কুশিয়ারা নদীর পানি সমতল কমেছে; যা আগামী এক দিন স্থিতিশীল থেকে পরবর্তী দুদিন বাড়তে পারে। এ সময়ে নদীগুলো সিলেট ও সুনামগঞ্জ জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল বেড়েছে; আর ধরলা নদীর পানি সমতল স্থিতিশীল আছে।

এসব নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে। এই সময়ে তিস্তা নদী লালমনিরহাট ও নীলফামারী জেলায় সর্তকসীমায় প্রবাহিত হতে পারে।

বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও কংস নদীর পানি সমতল বেড়েছে, অপরদিকে ভুগাই নদীর পানি কমেছে।

এসব নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়তে পারে। এ সময়ে নদীগুলো নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত