
ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক বলে দাবি করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। একইসঙ্গে অগণতান্ত্রিক এবং বাস্তবতাণ্ডবিবর্জিত আখ্যা দিয়ে জরুরি ভিত্তিতে এই বাজেট সংশোধনের জোর দাবি জানায় দলটি।
গতকাল শুক্রবার তোপখানা রোডস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া ও বিকল্প প্রস্তাবনা তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।
দলের পক্ষে বাজেট প্রতিক্রিয়া ও প্রস্তাবনার লিখিত বক্তব্য পাঠ করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া। তিনি বলেন, একটি রক্তাক্ত গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রধান প্রত্যাশাই ছিল এমন একটি অর্থনৈতিক রূপরেখা—যা প্রচলিত আমলাতান্ত্রিক বৃত্ত থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের কষ্ট লাঘব করবে। কিন্তু এই প্রস্তাবিত বাজেট সেই গণ-আকাঙ্ক্ষা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছে। এই বাজেট প্রণয়নের পুরো প্রক্রিয়াটিই অগণতান্ত্রিক। তৃণমূল পর্যায় থেকে জনগণের সরাসরি অংশীদারিত্ব নিশ্চিত না করায় এটি জনপ্রতিনিধিত্বমূলক চরিত্র হারিয়েছে।