ঢাকা রোববার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

থার্ড টার্মিনালের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে জাপানের প্রতি আহ্বান

থার্ড টার্মিনালের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে জাপানের প্রতি আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আগে গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পরে মার্কিন দূত সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার কথা বলেন। তিনি বলেন, গত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দুর্দান্ত জয় পেয়ে বিশ্বকাপ নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী এবং সব বাংলাদেশিকে অনুরোধ করতে এসেছিলাম, যেন তারা সামনের ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন।

বাংলাদেশিদের ফুটবলপ্রেমের প্রশংসা করে রাষ্ট্রদূত আরও যোগ করেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।

প্রধানমন্ত্রীর সফরের আগে হঠাৎ মার্কিন রাষ্ট্রদূতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ বার্তা দি?তেই রাষ্ট্রদূত ছুটে এসেছেন পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে। তবে এটিকে নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

মার্কিন দূতের সাক্ষাৎ নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাষ্ট্রদূতের এই বৈঠকটি ছিল নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ।

থার্ড টার্মিনালে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে জাপানের প্রতি আহ্বান : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধন করার বিষয়ে সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তা এখনও বহাল রয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৈঠকে ছিলেন প্রতিমন্ত্রী মিল্লাত।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিমান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনায় আমাদের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের বিষয়টি অন্যতম প্রধান ইস্যু ছিল। আমরা চাই, ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করতে। জাপানের বিমান অবকাঠামো বিষয়ক মন্ত্রীও সম্প্রতি ঢাকা সফর করেছেন। সেখানে সুমিতোমো কর্পোরেশনের সঙ্গে আলোচনা শেষে ওই তারিখে উদ্বোধনের বিষয়ে সমঝোতা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রকল্পের অন্যতম প্রধান অংশীদার জাপানের সুমিতোমো কর্পোরেশনকে নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করতে অনুরোধ জানানো হয়েছ। আমরা জাপানি রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি, যাতে তিনি সুমিতোমোকে অনুরোধ করেন, যেন নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত