ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

অবিভক্ত বাংলায় শিক্ষা ও সমাজ সংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর অবদান শীর্ষক সেমিনার

অবিভক্ত বাংলায় শিক্ষা ও সমাজ সংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর অবদান শীর্ষক সেমিনার

আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আমুস্ট), রাজশাহীতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক ‘অবিভক্ত বাংলায় শিক্ষা ও সমাজ সংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর অবদান’ শীর্ষক এক সেমিনার গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রহমানের। তবে অসুস্থতার কারণে তিনি অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। প্রধান অতিথির বক্তব্যে তিনি খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে জানার এবং তা অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, দক্ষ, সুশিক্ষিত ও চরিত্রবান সমাজ গঠনে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর জীবনাদর্শ আমাদের জন্য অনুকরণীয়। তিনি উপস্থিত সকলের কল্যাণ কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমদ। তিনি তার বক্তব্যে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর সান্নিধ্যে কাটানো অভিজ্ঞতা তুলে ধরেন এবং তার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে মূল্যবান তথ্য উপস্থাপন করেন। বিশেষ করে জীবনের শেষ পর্বের জীবনদর্শন, কর্মপদ্ধতি ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন। তার জ্ঞানগর্ভ বক্তব্যের মাধ্যমে ‘স্রষ্টার ইবাদত ও সৃষ্টির সেবা’ দর্শনের গভীর তাৎপর্য উপস্থিত শ্রোতাদের কাছে আরও স্পষ্ট হয়ে ওঠে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মনিত সদস্য ডা. এমএ জলিল এবং প্রফেসর ড. এম মনজুর হোসেন।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ড. এসএম খলিলুর রহমান। তিনি খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর জীবন ও কর্ম, তার দর্শন এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের বহুমাত্রিক কার্যক্রম নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। তার আলোচনায় উঠে আসে যে, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কারিগরি প্রশিক্ষণ ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঢাকা আহ্ছানিয়া মিশন দেশের বিপুল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তার তথ্যবহুল উপস্থাপনা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অতিথিদের জ্ঞানার্জনে বিশেষভাবে অনুপ্রাণিত করে। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীরা খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর জীবনাদর্শ ও নৈতিক দর্শন সম্পর্কে আরও সম্যক ধারণা লাভ করেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও সহায়ক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বোর্ড অব ট্রাস্টিজের প্রতি আহ্বান জানান। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মানবকল্যাণে আত্মনিয়োগের মাধ্যমে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর জীবন ও কর্ম আমাদের জন্য চিরন্তন দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর মোহা. আব্দুস সোবহান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ রাশিদুল ইসলাম সবুজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আখতার উদ্দীন। সমাপনী বক্তব্যে তিনি সেমিনারের সফল আয়োজন ও সক্রিয় অংশগ্রহণের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান। পরিশেষে তিনি সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। সেমিনারটি খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর জীবন, কর্ম ও মানবকল্যাণমূলক দর্শন সম্পর্কে উপস্থিত সবার মধ্যে নতুন উপলব্ধি সৃষ্টি করে এবং তার আদর্শ অনুসরণের প্রেরণা জাগিয়ে তোলে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত