ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সাবেক এমপি আশিকা সুলতানা ফের রিমান্ডে

সাবেক এমপি আশিকা সুলতানা ফের রিমান্ডে

ঢাকার মিরপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি আশিকা সুলতানাকে ফের তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক।

আসামিপক্ষের আইনজীবী শাহাবুদ্দিন রাজু এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ঢাকার মিরপুর সাড়ে ১১ নম্বর থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে তিন দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ। সেই রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মিরপুর থানার এসআই আল মামুন হোসেন।

আশিকা সুলতানার পক্ষে তার আইনজীবী শাহাবুদ্দিন রাজু রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আর্জি জানান। তিনি বলেন, ‘এর আগে তার ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন। গতকাল আবার নতুন করে রিমান্ড আবেদন করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত না। কোনো সম্পৃক্ততা নেই।”

আশিকা সুলতানা কবে গ্রেপ্তার হয়েছেন, জানতে চান বিচারক। তখন আশিকা সুলতানা বলেন, ‘২৫ জুন।’

কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘বাসা থেকে। আমি আমার মিরপুরের বাসাতেই ছিলাম।

‘কোথাও কোনো অ্যাক্টিভিটিজের সঙ্গে জড়িত ছিলাম না। কোথাও না।’

এসময় তার আইনজীবী রাজু বলেন, ‘মহিলা মানুষ। প্রয়োজনে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হোক।’

শুনানি নিয়ে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।

আশিকা সুলতানাকে হাজির করা হবে জেনে আদালতে আসেন তার স্বামী মাইদুল ইসলাম। রিমান্ড আদেশের পর এজলাস থেকে বের হয়ে আশিকা তার স্বামীর সঙ্গে কথা বলেন।

এসময় সাবেক এমপি কাঁদতে থাকলে তাকে অভয় দেন স্বামী। সন্তানের কথা জানতে চান আশিকা। মাইদুল বলেন, ‘ভালো আছে, খুব ভালো আছে। সবকিছু ঠিকঠাক। টেনশন করিও না।’

লিফটে ওঠার আগে ১৩ বছরের ছেলের কথা জানতে চান আশিকা। মাইদুল বলেন, ‘ও ভালো আছে। আমার মা কাল আসবে।’ আশিকা তার মাকে ঢাকায় নিয়ে আসতে বলেন। তখন মাইদুল বলেন, ‘উনি তো অসুস্থ।’

পরে লিফটে করে নিচে নামানো হয় আশিকাকে। আদালত ভবনের নিচে এসে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘জয় শেখ হাসিনা’ স্লোগান দেন। বলেন, ‘আমার কী অপরাধ, আমাকে কেন গ্রেপ্তার করা হয়েছে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত