
দেশের অর্থনীতি ‘পুনরুদ্ধারে’ বিএনপি নেতৃত্বাধীন সরকারকে সময় দিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আবু আহমেদ। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন ও মালয়েশিয়া সফর দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ‘গেমচেঞ্জার’ হিসেবে কাজ করবে বলেও মনে করেন তিনি। গতকাল শনিবার ঢাকার এফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এমন পর্যবেক্ষণ তুলে ধরেন।
‘এবারের বাজেট বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম’ শিরোনামে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ এই ছায়া সংসদ বিতর্ক আয়োজন করে।
এতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদ বলেন, আওয়ামী লীগ আমলে কোনো বড় বিজনেস হাউজ সেই সরকারকে সন্তুষ্ট না করে ব্যবসা করতে পারত না। ব্যবসা-বাণিজ্যে অনিয়ম-দুর্নীতিসহ দলীয় স্বার্থ প্রাধান্য পেত। ‘পালিয়ে যাওয়া’ সরকার পদ্মা রেলসেতু, কর্ণফুলি টানেল, পায়রা বন্দর ও রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রসহ অনেক মেগা প্রকল্পই রাজনৈতিক উদ্দেশ্যে করেছিল।
বিএনপি সরকার মেগা প্রকল্প গ্রহণে রক্ষণশীল মন্তব্য করে আবু আহমেদ বলেন, বর্তমান সরকার মেগা প্রকল্প গ্রহণে রক্ষণশীল। মানব উন্নয়নকেন্দ্রিক প্রকল্পে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
‘প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর আমাদের অর্থনীতি পুনরুদ্ধারে ‘গেমচেঞ্জার’ হিসেবে কাজ করবে। এই সফর উন্নয়ন সহায়তা, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।’
বাজেট বাস্তবায়নে দক্ষতা বাড়ানোর তাগিদ দিয়ে এই অর্থনীতিবিদ বলেন, ‘নির্বাচিত সরকার তার কর্মসূচি বাস্তবায়নে বড় বাজেট দিতেই পারে। তবে বাজেট বাস্তবায়নে দক্ষতা বাড়াতে হবে। তবে এই সরকারকে অর্থনীতি পুনরুদ্ধারে সময় দিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।