
তীব্র দাবদাহ বা ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি প্রকৃতিতে প্রশান্তি নিয়ে আসে ঠিকই; কিন্তু এর পরপরই নাগরিক ও কর্মজীবী মানুষের জীবনে নেমে আসে নানা ভোগান্তি। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে থেমে থেমে ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।
ভারী বৃষ্টির কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের গতি কমে যায়। বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে অফিসগামী ও কর্মস্থল থেকে ফেরা যাত্রীদের দীর্ঘ সময় গণপরিবহনের জন্য অপেক্ষা করতে হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অনেক স্থানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারীবর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী কয়েক দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
এদিকে, টানা বর্ষণের কারণে দেশের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেড়েছে। পাশাপাশি নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং ভারী বর্ষণের সময় পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।