
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস বিষয়ক ভাইস মিনিস্টার ড. রুমাইহ বিন মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে বন্দর অবকাঠামোর আধুনিকায়ন, সামুদ্রিক পরিবহন ব্যবস্থার উন্নয়ন, লজিস্টিকস খাতের সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়। মন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের নৌখাতের চলমান রূপান্তরমূলক উদ্যোগ, চট্টগ্রাম ও মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বে টার্মিনালসহ বিভিন্ন মেগা প্রকল্পের অগ্রগতি এবং আন্তর্জাতিক বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশের বন্দর, পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এ খাতে যৌথ উদ্যোগ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।