
নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে চার মেয়েশিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত চার শিশু হলো- রায়পুরার বড়কান্দা গ্রামের মো. শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), মো. রুবেলের মেয়ে জান?াত (৮) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। ওই চার শিশুই স্থানীয় গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
মৃত শিশুদের স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসার বিরতির সময় ছয় শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। চারজন পানিতে ডুবে গেলে বাকি দুজন অসুস্থ অবস্থায় পাড়ে উঠে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে খালে নেমে একে একে চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এর মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাকি তিন জনেরও মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান বলেন, দুপুর ১টায় তিন জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারোরই শ্বাস, হার্টবিট পাওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।