
দিল্লিতে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের বৈঠকের পরও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশইনের চেষ্টার খবরকে ঘিরে লালমনিরহাটের সীমান্ত এলাকায় উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জেলার ৫ উপজেলার সীমান্তে বিজিবি নজরদারি জোরদার করেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন সময় বিজিবির সঙ্গে সমন্বয় করে পাহারায় অংশ নিচ্ছেন।
গতকাল শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্ত এবং আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ঘুরে দেখা যায়, সীমান্তজুড়ে টহল ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তবাসীরা জানান, সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের চেষ্টার খবর প্রকাশের পর সীমান্তবর্তী মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। নিজেদের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তারা স্বেচ্ছায় বিজিবির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন সময় পাহারায় অংশ নিচ্ছেন।