
ঢাকার সাভারে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আবুল খায়ের পাটোয়ারী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চুরির সন্দেহে তাকে একটি রিকশার গ্যারেজে আটকে রাখার পর স্থানীয় কয়েকজন মিলে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত সোমবার দুপুরে সাভারের উলাইল-কর্নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল মঙ্গলবার দুই জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলো- গ্যারেজ মালিক নুরুজ্জামান ও তার রিকশা চালক শুভ। নিহত আবুল খায়ের পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।
থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে সাভারের উলাইল-কর্নপাড়া এলাকায় নুরুজ্জামানের অটোরিকশার গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হওয়ার অভিযোগ ওঠে। ওই গ্যারেজের রিকশাচালক শুভ সন্দেহভাজন হিসেবে আবুল খায়ের পাটোয়ারীকে আটক করে গ্যারেজ মালিকের কাছে নিয়ে যান। এরপর তাকে গ্যারেজের ভেতরে আটকে রাখা হয়। একপর্যায়ে সেখানে জড়ো হওয়া কয়েকজন তাকে মারধর করেন। সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিকশার গ্যারেজ মালিক নুরুজ্জামান বলেন, আমার একটি রিকশা চুরি হয়। অন্য রিকশা চালক শুভ এসে জানায়, সন্দেহভাজন চোরকে ধরা হয়েছে। তাকে গ্যারেজে রাখা হয়েছিল। এরপর কিছু লোক এসে তাকে মারধর করে। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাই। পরে জানতে পারি, সে মারা গেছে।