
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সন্দ্বীপ চ্যানেল এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, এদিন (আগের দিন রাতে) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় একটি ফিশিং বোট ও একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৪০ বস্তা সিমেন্ট ও ৩৮০ বস্তা সার জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি বোট জব্দ এবং ১০ জনকে আটক করা হয়। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা মালামাল, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।