ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

শিল্পে বিদ্যুৎ সংকট মোকাবিলা

ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শ অস্ট্রেডের

ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শ অস্ট্রেডের

শিল্প খাতে বিদ্যুৎ সংকট মোকাবিলা ও উৎপাদন ব্যয় কমাতে কারখানার ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের ওপর গুরুত্ব দিয়েছেন অস্ট্রেলীয় বাণিজ্য ও বিনিয়োগ কমিশনের (অস্ট্রেড) এক শীর্ষ কর্মকর্তা।

তিনি বলেছেন, নতুন করে জমি অধিগ্রহণ ছাড়াই কারখানার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো সম্ভব। অস্ট্রেডের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মারে স্পেন্স সম্প্রতি বাংলাদেশ সফরকালে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। আটটি অস্ট্রেলীয় নবায়নযোগ্য জ্বালানি কোম্পানির প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে তিনি বাংলাদেশ সফর করেন।

মারে স্পেন্স বলেন, বাংলাদেশের জমির সীমাবদ্ধতা বিবেচনায় নতুন করে জমি অধিগ্রহণ না করে কারখানার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর একটি তাৎক্ষণিক ও কার্যকর উপায়। পাশাপাশি, বিদ্যমান সৌরবিদ্যুৎ ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে নিয়মিত দক্ষতা নিরীক্ষা, যথাযথ রক্ষণাবেক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পরিচালন ব্যবস্থার উন্নয়ন জরুরি।

তিনি বলেন, এ ক্ষেত্রে দক্ষ জনবল গড়ে তুলতে প্রশিক্ষণ কর্মসূচি এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রক ব্যবস্থা চালু করা প্রয়োজন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও বাড়বে। তিনি আরো বলেন, অনেক শিল্পপ্রতিষ্ঠানে এরইমধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। তবে যথাযথ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব ব্যবস্থার পূর্ণ সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না। নিয়মিত দক্ষতা নিরীক্ষা এবং পরিচালন ব্যবস্থার উন্নয়ন করা গেলে বিদ্যমান স্থাপনা থেকেই আরও বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে শিল্পের বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপও কমবে।

মারে স্পেন্স ভারতের বেঙ্গালুরুভিত্তিক অস্ট্রেডের দক্ষিণ এশিয়া অঞ্চলের কার্যক্রম তদারক করেন, যার আওতায় বাংলাদেশও রয়েছে। তিনি বলেন, ১৭ কোটির বেশি জনসংখ্যার দেশ বাংলাদেশ অস্ট্রেলীয় নবায়নযোগ্য জ্বালানি কোম্পানিগুলোর জন্য একটি সম্ভাবনাময় বাজার। তবে বাণিজ্যিকভাবে টেকসই নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প গড়ে তুলতে স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গুরুত্বপূর্ণ। গত ২৫ থেকে ২৭ অক্টোবর আটটি অস্ট্রেলীয় নবায়নযোগ্য জ্বালানি কোম্পানির প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে। এ সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তোলা এবং দেশের জ্বালানি রূপান্তরে সহযোগিতার সুযোগ অনুসন্ধান করা।

সাক্ষাৎকারে মারে স্পেন্স সৌরবিদ্যুতের কার্যকর ব্যবহার বাড়াতে ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণ প্রযুক্তির ওপরও গুরুত্ব দেন। তাঁর মতে, দিনের বেলায় উৎপাদিত অতিরিক্ত সৌরবিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করে রাতে ব্যবহার করা গেলে বিদ্যুতের অপচয় কমবে এবং জাতীয় গ্রিডের ওপর চাপ হ্রাস পাবে।

এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশটির প্রতি তিনটি পরিবারের একটিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা রয়েছে। ব্যাটারি কেনার ক্ষেত্রে সরকার ৩০ শতাংশ ভর্তুকি দেওয়ায় এ প্রযুক্তির ব্যবহার দ্রুত বেড়েছে। এরইমধ্যে দেশটিতে পাঁচ লাখের বেশি পরিবারে ব্যাটারি স্থাপন করা হয়েছে।

বাংলাদেশেও সৌরবিদ্যুৎ ব্যবস্থায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সংরক্ষণে পরিবার ও শিল্পপ্রতিষ্ঠানকে উৎসাহিত করতে একই ধরনের প্রণোদনা কিংবা গ্রিডে বিদ্যুৎ বিক্রির সুযোগ বিবেচনা করা যেতে পারে বলে তিনি মত দেন। তবে এ ধরনের ব্যবস্থা কার্যকর করতে যথাযথ কারিগরি ও নিয়ন্ত্রক কাঠামো নিশ্চিত করতে হবে। বড় আকারের বিদ্যুৎ সংরক্ষণ প্রকল্পের ক্ষেত্রে অস্ট্রেলীয় প্রতিনিধিদলের সদস্য প্রতিষ্ঠান অ্যাকাসিয়ার সক্ষমতার কথাও উল্লেখ করেন তিনি। প্রতিষ্ঠানটি বৃহৎ পরিসরে ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা স্থাপনে কাজ করে। পর্যাপ্ত গ্রিড সংযোগ সুবিধা থাকলে বাংলাদেশেও এ ধরনের প্রকল্প বাস্তবায়নের সুযোগ রয়েছে।

পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির ব্যয় কমাতে সরাসরি অস্ট্রেলিয়া থেকে যন্ত্রপাতি আমদানির পরিবর্তে প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন মারে স্পেন্স।

তিনি বলেন, অস্ট্রেলিয়ায় উৎপাদন ব্যয় তুলনামূলক বেশি হওয়ায় সেখান থেকে সৌরবিদ্যুৎ সরঞ্জাম তৈরি করে বাংলাদেশে রপ্তানি করা অনেক ক্ষেত্রে বাণিজ্যিকভাবে কঠিন হতে পারে। এর পরিবর্তে প্রযুক্তি হস্তান্তর, লাইসেন্সিং, যৌথ বিনিয়োগ এবং স্থানীয় উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের বাজারে সাশ্রয়ী সমাধান নিয়ে আসা সম্ভব। অস্ট্রেলীয় কোম্পানিগুলো বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের অংশীদারত্বের সুযোগ অনুসন্ধানে আগ্রহী। এতে বাংলাদেশের নিজস্ব উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বাড়বে। পাশাপাশি অস্ট্রেলীয় প্রতিষ্ঠানগুলোও বাংলাদেশের বড় বাজারে তাদের প্রযুক্তি সম্প্রসারণের সুযোগ পাবে। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে মারে স্পেন্স বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশটির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগের সম্ভাব্য মুনাফা সম্পর্কে নিশ্চয়তা, স্বচ্ছ পরিচালন ব্যবস্থা এবং নীতির ধারাবাহিকতা প্রয়োজন।

তিনি সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে ১৮ মাসের জন্য শুল্ক কমিয়ে ১ শতাংশ নির্ধারণের বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত জানান। তাঁর মতে, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি নিশ্চয়তা দিতে এ শুল্ক সুবিধা স্থায়ী করার বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। এ ছাড়া ব্যাটারি ব্যবহারে ভর্তুকি এবং জাতীয় গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রির ব্যবস্থা চালু করা গেলে সৌরবিদ্যুৎ ও বিদ্যুৎ সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে বলে তিনি মনে করেন।

বাংলাদেশে সৌর প্যানেল উৎপাদন কারখানা স্থাপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে বাংলাদেশে এ ধরনের কারখানা স্থাপনে অস্ট্রেলীয় কোম্পানিগুলোর সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। কারণ, চীনা উৎপাদকরা এরইমধ্যে কম উৎপাদন ব্যয়ের সুবিধা নিয়ে এ খাতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

মারে স্পেন্স জানান, গত এপ্রিলে ডিকিন ইউনিভার্সিটি এবং স্মার্ট এনার্জি কাউন্সিলের প্রতিনিধিদের চার দিনের বাংলাদেশ সফরের ভিত্তিতে একটি গুরুত্বপূর্ণ সম্ভাব্যতা ও সহযোগিতা-সংক্রান্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। বর্তমান সফরে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে।

প্রতিবেদনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে পরিচ্ছন্ন জ্বালানি সহযোগিতা জোরদারে ১০টি কৌশলগত ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। দুই দেশের ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব এবং বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে এটি একটি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

এদিকে অস্ট্রেলীয় আটটি কোম্পানির প্রতিনিধিদলের সফরকালে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক অংশীদারত্ব তৈরির কার্যক্রমও চলছে। বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের (বিএসআরইএ) উদ্যোগে একটি ব্যবসায়িক সংযোগ সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া অস্ট্রেলিয়া বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের (এবিসিআইসি) সদস্যদের কাছেও অস্ট্রেলীয় কোম্পানিগুলো তাদের প্রযুক্তি ও সক্ষমতা তুলে ধরে। মারে স্পেন্স বলেন, এসব আলোচনার মূল লক্ষ্য হলো বাংলাদেশের সম্ভাব্য অংশীদার খুঁজে বের করা, বাণিজ্যিক সুযোগ মূল্যায়ন এবং দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা। ব্যাটারি প্রযুক্তিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহব্যবস্থা বহুমুখী ও নির্ভরযোগ্য করার বিষয়েও অস্ট্রেলিয়ার আগ্রহ রয়েছে বলে জানান তিনি। লিথিয়াম, গ্রাফাইট, সিলিকা ও ভ্যানাডিয়ামের মতো খনিজের উন্নয়ন ও সরবরাহে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারত্ব গড়ে তুলতে চায় দেশটি। এর মাধ্যমে নির্দিষ্ট একটি উৎসের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো সম্ভব হবে। বাংলাদেশের বিনিয়োগকারী ও শিল্পোদ্যোক্তাদের অস্ট্রেলীয় কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে মারে স্পেন্স বলেন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়ন এবং দেশের জ্বালানি ও অর্থনৈতিক নিরাপত্তা জোরদারে স্থানীয় বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত