ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

পোশাকশ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে মজুরি বৃদ্ধি গুরুত্বপূর্ণ অগ্রগতি

বললেন মাহ্দী আমিন
পোশাকশ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে মজুরি বৃদ্ধি গুরুত্বপূর্ণ অগ্রগতি

গ্রেডভেদে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বাড়া তাদের আয়বৃদ্ধি, জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন। গতকাল বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এ কথা বলেন। একইসঙ্গে তিনি জনপ্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ ও গ্রহণযোগ্য নতুন মজুরি কাঠামো প্রদানের জন্য মজুরি বোর্ড, শ্রমিক পক্ষ ও মালিক পক্ষকে ধন্যবাদ জানান। উপদেষ্টা বলেন, শ্রমিক-মালিক ভাইবোনদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান—পারস্পরিক শ্রদ্ধাবোধ, আস্থা, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে কর্মক্ষেত্রে উৎপাদনমুখী ও আন্তরিক পরিবেশ বজায় রাখুন। কোনো ধরনের অপপ্রচার, উসকানি বা বিভ্রান্তিতে প্রভাবিত না হয়ে, নিজ-নিজ কর্মস্থলে উৎপাদনের স্বাভাবিক ধারা অব্যাহত রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন। তিনি বলেন, ২০২৩ সালে সর্বশেষ মজুরি বৃদ্ধির মাত্র তিন বছরের মাথায় আবারও বেড়েছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি। এবার গ্রেডভেদে মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত। বর্ধিত ন্যূনতম মজুরির পাশাপাশি শ্রমিকরা তাদের প্রাপ্য ওভারটাইম ও বোনাসও পাবেন। ফলে মূল বেতনের বাইরেও তাদের অতিরিক্ত আর্থিক প্রাপ্তি যুক্ত হবে। মাস শেষে মোট আয় আরও বাড়বে।

মাহ্দী আমিন বলেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিশ্বজয়ের পেছনে রয়েছে শ্রমিক ভাই-বোনদের নিরলস পরিশ্রম, দক্ষতা, ত্যাগ ও নিষ্ঠা। তাদের ঘাম ও শ্রমে তৈরি "মেড ইন বাংলাদেশ" আজ বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক। তিনি বলেন, এই শিল্পের প্রতিটি অর্জনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের জীবন, পরিবারের সংগ্রাম ও কারখানার ভবিষ্যৎ। তাই তাদের ন্যায্য মজুরি, প্রাপ্য মর্যাদা, নিরাপত্তা ও উন্নত জীবনমান নিশ্চিত করা শুধু অর্থনৈতিক প্রয়োজন নয়, আমাদের নৈতিক ও সমন্বিত দায়িত্ব। তিনি আরও বলেন, এই দায়িত্ববোধ থেকেই তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সকল পক্ষের ঐকমত্যের ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, প্রয়োজন ও ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ একটি নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে।

উপদেষ্টা বলেন, বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। নতুন মজুরি কাঠামোর বিবরণ তুলে ধরে মাহদী আমিন জানান, গ্রেড-১-এর অধীনে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বে এই গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ। তিনি বলেন, গ্রেড-২-এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। পূর্বে এই মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। অর্থাৎ বেড়েছে ৪০ দশমিক ১১ শতাংশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত