ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁদপুরে গরুর খাবারে বিষ, একে একে মারা গেল পাঁচ গরু

চাঁদপুরে গরুর খাবারে বিষ, একে একে মারা গেল পাঁচ গরু

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে একটি গরুর খামারে খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারের পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে বালিয়া গ্রামের গাইনিগো দিঘীর পাড় এলাকার গাজী বাড়িতে আকবর গাজীর গরুর খামারে এ ঘটনা ঘটে। খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি গরুগুলোকে খাবার দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়। তিনি জানান, মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। পরে মৃত গরুর সংখ্যা বেড়ে পাঁচটিতে দাঁড়ায়। তবে কী কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা জানা জায়নি।

খামারের মালিক আকবর গাজী ও তার ভাই কবির গাজী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে তাদের দুই ভাই গরুর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন বলে তাদের সন্দেহ। এতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকটি অসুস্থ হয়ে পড়েছে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দেওয়ান বলেন, গরু অবলা প্রাণী। তাদের সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষ প্রয়োগে নাকি অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের আইনের আওতায় আনা প্রয়োজন। চাঁদপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নূরনবী প্রামাণিক ঘটনাস্থলে উপস্থিত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত