
দেশের চলমান পরিস্থিতিতে খেলাফত মজলিসের প্রেস ব্রিফিংয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগকে পুনপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে আবারও অশান্ত করার ঘৃণ্য ষড়যন্ত্র শুরু হয়েছে। টার্গেট করে শান্তিপ্রিয় মানুষকে হত্যার ষড়যন্ত্র ভারতের মাটিতে বসে করা হচ্ছে। আওয়ামীলীগের ছদ্মবেশে ভারতীয় এজেন্টরা এদেশে কাজ করছে। আগুন জ্বালিয়ে, ভাঙচুর করে জনগণের সম্পদ বিনষ্ট করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা সহ সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। আমরা পতিত ফ্যাসিস্টদের অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই। এসব নাশকতা ও হত্যাযজ্ঞ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার দায় এড়াতে পারেন না। সরকারকে অবিলম্বে জনগণের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গোপালগঞ্জে নাশকতার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তবে ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের কারণে সেখানকার সাধারণ মানুষ যাতে কোন সরকারি সেবা থেকে বঞ্চিত না হয় বা ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন, আমরা তা স্বাগত জানাই। তবে বিগত ৮মাসে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নে যদি সরকার প্রধান আন্তরিক হতেন তাহলে আজ এই সমস্যার সৃষ্টি হতো না। তারপরও আমাদের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে। ২৪ সালে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা মাঠে ছিল, আমরা সকলে এখনও মাঠে আছি, থাকবো ইনশাআল্লাহ। আমরা অবিলম্বে গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কার্যকর উদ্যোগ গ্রহণ, ফ্যাসিস্ট অপশক্তির বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং রায় কার্যকরের দাবি জানাই। অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগকে নিষিদ্ধের উদ্যোগ নিতে হবে। গতকাল দুপুর ১টায় পুরানা পল্টনস্থ মজলিস মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পেশ করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এ সময়ে উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক আব্দুল জলিল, প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাইখুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা নুরুল হক, মাওলানা নজরুল ইসলাম মাজহারী, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, অ্যাডভোকেট মাওলানা রফিকুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে পতিত ফ্যাসিবাদী অপশক্তির নাশকতা প্রতিরোধে কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে : ১. ১-৭ ডিসেম্বর সকল জেলা-মহানগরী, থানা-উপজেলা, ইউনিয়নে ফ্যাসিবাদ বিরোধী মিছিল/গণসংযোগ। ২. ৮ ডিসেম্বর সারাদেশে জেলা- মহানগরীতে সমাবেশ ও ফ্যাসিবাদ বিরোধী মিছিল। ৩. ১২ ডিসেম্বর রাজধানীতে জাতীয় নেতারা ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা। ৪. ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারাদেশে সমাবেশ ও ফ্যাসিবাদ বিরোধী গণমিছিল।