
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাত জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল রোববার চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। গত ২০ জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক সম্পন্ন হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। ওই দিন প্রসিকিউশনের পক্ষে যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এছাড়া দিনভর আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন, মিরাজুল আলম ও আবুল হাসান। সেদিন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেছিলেন, নির্ধারিত দিনে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তি শুনেছেন ট্রাইব্যুনাল। আসামিপক্ষের যুক্তির জবাব তাৎক্ষণিক দিয়েছেন প্রসিকিউশন। তিনি আরও বলেছিলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে সংঘটিত এ ঘটনাটি ছিল চরম নৃশংস। গুলি করে হত্যার পর পেট্রোল ঢেলে লাশে আগুন দেওয়ার মতো অপরাধ সংঘটিত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছেন। এ মামলায় মোট আসামি ১৬ জন। এর মধ্যে গ্রেফতার রয়েছেন আট জন। তাদের আজ সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন-ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ বাকিরা পলাতক রয়েছেন।