ঢাকা শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

‘লেবেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসনের আন্তরিকতার ঘাটতি আছে’

‘লেবেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রশাসনের আন্তরিকতার ঘাটতি আছে’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় জোট সমর্থিত আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনের অনেক ঘাটতি দেখতে পাচ্ছি। দুই-চারটি নির্বাচনী অফিস ভাঙচুর করে লোকদের ভয়ভীতি দেখালে নির্বাচনে অনুকূল পরিবেশ থাকবে না। তবে সুষ্ঠু নির্বাচন হলে জনগণ অবশ্যই জবাব দেবে।’ গতকাল বৃহস্পতিবার সকাল থেকে গণসংযোগ শেষে দুপুরে ফেনীর পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঞ্জু এ কথা বলেন।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘বালিগাঁও, কাজিরবাগ, মোটবীতে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলছে, কার্যালয় ভাঙচুর করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতা-কর্মীরা কি ইচ্ছেকৃতভাবে এসব করছেন? আমরা শুনতে পাচ্ছি যে পতিতদের অনেকে নাকি তাদের সঙ্গে মিশে কাজ করছেন। এটা পতিতদের ষড়যন্ত্র কি না, সেটাও আমরা বুঝতে পারছি না। বিএনপি এসব কেন করছে, তাদের কেন্দ্রীয় নির্দেশনা আছে কি না, জানি না। আমরা এসব থেকে প্রতিকার চাই। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে, আমরা ধৈর্য ধরে আছি। প্রশাসনের কাছে সুবিচার না পেলেও ভোটের মাঠে সেটির সুবিচার পাব। জনগণ প্রমাণ দেবে ব্যালটে।’

পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎকালে ফেনী জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, এবি পার্টি ফেনী জেলা সদস্যসচিব ফজলুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মঞ্জু ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিনের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিকেলে শহরের ট্রাংক রোড এলাকায় গণসংযোগ ও ঈগল প্রতীকের সমর্থনের মিছিলে অংশ নেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু। এর আগে সকালে সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোর বাজার, কে এম হাট বাজারে নির্বাচনী গণসংযোগ করেন তিনি। গণসংযোগের সময় ভোটারদের উদ্দেশে মঞ্জু বলেন, ‘দেশের মানুষ ৫৫ বছর ধরে রাজনীতির কোনো পরিবর্তন দেখেনি। সরকার আসে সরকার যায়, কিন্তু আমাদের দুঃখ দূর হয় না। এখনো আমাদের চাঁদাবাজি চলে। এখনো ফুটপাতে মানুষ ঘুরে বেড়ায়। এখনো সীমান্ত দিয়ে অবাধে মাদক আসে। এখনো আমাদের কোনো না কোনো বাড়িতে চুরি, ডাকাতি হয়। অর্থাৎ সরকার আসে সরকার যায়, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না।’ দেশের পরিবর্তনের জন্য ঈগল প্রতীকে এবং গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গণসংযোগকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত, দলের দক্ষিণাঞ্চলের সংগঠক আজিজুর রহমান রিজভী, জেলা সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, উপজেলা জামায়াতের সেক্রেটারি শিহাব উদ্দিন, শহর ছাত্রশিবির সেক্রেটারি শফিকুল ইসলামসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত