
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করলে কেউ পালানোর জায়গা পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। গতকাল রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিগত তিনটি নির্বাচনে এসপির জন্য বরাদ্দ রাখতে হতো, ওসিকে খাম পাঠাতে হতো, এসআইকে টাকা দিতে হতো, ভোটের আগের রাতে কনস্টেবলকে খাম পাঠাতে হতো। এবার যদি কালো টাকা স্পর্শ করেন, ভোট ডাকাতির চেষ্টা করেন, জনগণের ভাগ্যকে নিয়ে খেলেন, আপনারা পালানোর জায়গা পাবেন না।’ হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই নির্বাচন স্বৈরতন্ত্র থেকে মুক্তির নির্বাচন, আমরা হাসিনার পরিবর্তন চেয়েছি হাসিনা কাঠামোরও পরিবর্তন চেয়েছি। স্বৈরতন্ত্রেরও পরিবর্তন চেয়েছি। যারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, আপনারা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন, দখলের চেষ্টা করলে বাড়ি ফিরে যেতে পারবেন না, নিরাপদে ভোট দেয়ার নিশ্চয়তা আমরা দেবো।’ এসময় তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ কোন পথে যাবে, আগামী ১০০ বছর বাংলাদেশের মানুষের ললাটে কেমন ধরনের রাষ্ট্র কাঠামো নির্মিত হবে, প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগ কেমন হবে তা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্ধারন হবে।’
বক্তব্য শেষে সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোট ও এনসিপি মনোনীত প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান।