
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে টানা ৩ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি। একইসঙ্গে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বন্ধ থাকবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এ ব্যবস্থা গ্রহণ করেছে।
গত মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বেনাপোলসহ দেশের সব বন্দর দিয়ে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার চিঠি আসে বন্দর ও ইমিগ্রেশনে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম জানান, বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। এ কারণে নিরাপত্তাজনিত কারণে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাচন এবং ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন বন্ধ থাকছে ভারতের সঙ্গে আমদানি-রফতানি কার্যক্রম। এছাড়া ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভারত ভ্রমণও বন্ধ থাকছে। বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে দিয়ে আজ বৃহস্পতিবার দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ থাকবে। এমন নির্দেশনার একটি চিঠি আমার দফতরে এসেছে। তিনি আরও বলেন, এছাড়া বুধ ও বৃহস্পতিবার আমদানি-রফতানিও বন্ধ থাকছে। ১৩ ফেব্রুয়ারি সকাল ৬টার পর থেকে পুনরায় দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক হবে এবং ১৪ ফেব্রুয়ারি থেকে চালু হবে আমদানি-রফতানি।