ঢাকা বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

স্যামসাং গ্যালাক্সি এস২৬

স্যামসাং গ্যালাক্সি এস২৬

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্যামসাং তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ ‘গ্যালাক্সি এস২৬’ (Galaxy S26) উন্মোচনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেছে। স্যামসাং ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ কোরীয় এই প্রযুক্তি জায়ান্ট নিশ্চিত করেছে যে, পরবর্তী ‘গ্যালাক্সি আনপ্যাকড’ (Galaxy Unpacked) ইভেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ ফেব্রুয়ারি, বুধবার।

স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ইভেন্টটি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে সরাসরি অনুষ্ঠিত হবে। ইভেন্টটি শুরু হবে প্যাসিফিক সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা)। বরাবরের মতো স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এবারের ইভেন্টে স্যামসাং তিনটি নতুন স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে- গ্যালাক্সি এস২৬ (Galaxy S26), গ্যালাক্সি এস২৬ প্লাস (Galaxy S26 Plus), গ্যালাক্সি এস২৬ আল্ট্রা (Galaxy S26 Ultra)।

সাধারণত স্যামসাং বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারিতে তাদের এস সিরিজের ফোনগুলো বাজারে আনে। তবে এবার ফেব্রুয়ারির শেষ দিকে ইভেন্ট আয়োজন করাকে কিছুটা ব্যতিক্রমী মনে করছেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে, বিশ্বজুড়ে মেমোরি চিপের স্বল্পতা এবং উৎপাদনজনিত কিছু জটিলতার কারণেই এই বিলম্ব। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নতুন এই সিরিজে খুব বড় কোনো বৈপ্লবিক পরিবর্তন না এলেও এতে থাকছে অত্যাধুনিক প্রসেসর এবং শক্তিশালী ব্যাটারি। এছাড়া ক্যামেরা সেন্সরে বড় ধরনের আপগ্রেড এবং উন্নত এআই (Artificial Intelligence) ফিচার যুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য যে, সম্প্রতি বাজারে আসা স্যামসাংয়ের ট্রাই-ফোল্ড ফোনটির আকাশচুম্বী দাম হওয়া সত্ত্বেও তা দ্রুতই স্টক আউট হয়ে গেছে। ফলে এস২৬ সিরিজ নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মাঝে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত