ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

এনসিপি থেকে জয়ী হলেন যে ছয় প্রার্থী

এনসিপি থেকে জয়ী হলেন যে ছয় প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এখন পর্যন্ত নিজেদের ছয়জন প্রার্থীর বিজয়ের খবর নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার পর দলের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক ছয়টি পোস্টের মাধ্যমে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানায় দলটি।

এনসিপি থেকে নির্বাচিত ছয় সংসদ সদস্য হলেন, দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, সদস্যসচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ), যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী আতিকুর রহমান মোজাহিদ এবং যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন। ঢাকা-১১ : এই আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ‘শাপলা কলি’ প্রতীকে ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। অর্থাৎ ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নাহিদ ইসলাম।

রংপুর-৪ : এনসিপির সদস্যসচিব আখতার হোসেন শাপলা কলি প্রতীক নিয়ে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট।

কুমিল্লা-৪ : এই আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহ ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন (ট্রাক প্রতীক) পেয়েছেন ৪৯ হাজার ৮৮৫ ভোট।

নোয়াখালী-৬ : এনসিপির আবদুল হান্নান মাসউদ ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাহবুবের রহমান পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।

নারায়ণগঞ্জ-৪ : এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।

কুড়িগ্রাম-২ : এ আসনে এনসিপির আতিকুর রহমান মোজাহিদ শাপলা কলি প্রতীকে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৩৩৫ ভোট।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনী জোটে থেকে এনসিপি এবার ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এখন পর্যন্ত প্রাপ্ত ২৯৬টি আসনের ফলাফলের মধ্যে এনসিপির এই ৬ জন প্রার্থী বিজয়ী হলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত