
জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। গতকাল শনিবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জেনেভায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, মহাসচিব জাতীয় সংহতি জোরদার, গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসন সমুন্নত রাখতে, মানবাধিকারের পূর্ণ উপভোগ নিশ্চিতে ও সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সব রাজনৈতিক স্টেকহোল্ডারদের উৎসাহিত করেন। তিনি আরও বলেন, এটি কোনো নির্বাচনের পরে সরকারের কাছ থেকে যা আশা করি তা নয়, জনগণ সরকারের কাছ থেকে এটাই প্রত্যাশা করে। আমরা একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অভিন্ন অগ্রাধিকার নিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য : অভিন্ন অগ্রাধিকার নিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। গতকাল শনিবার নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) এক বিবৃতিতে এ আগ্রহের কথা জানায়। বিবৃতিতে এফসিডিওর একজন মুখপাত্র বলেন, আমরা গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে স্বাগত জানাই। শান্তিপূর্ণ নির্বাচনি প্রক্রিয়া চূড়ান্ত ফলাফল দিয়েছে। এটি বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষা ও বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিনিধিত্ব করে। তিনি বলেন, আমরা নতুন সরকারের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের অপেক্ষায় রয়েছি। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তার ক্ষেত্রে আমাদের অভিন্ন অগ্রাধিকারে আমরা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।
নির্বাচনে বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে- কমনওয়েলথ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের আকাঙ্ক্ষা পূরণে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। গতকাল শনিবার রাজধানীর এক?টি হোটেলে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম নানা আকুফো আদো। কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ প্রধান বলেন, কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ মিশন নির্বাচন-পরবর্তী সময়ে উত্তেজনার বিচ্ছিন্ন ঘটনা লক্ষ্য করেছে। আমরা সব অংশীদারদের নির্বাচন-পরবর্তী সময়কালে শান্ত ও শান্তিপূর্ণ আচরণ বজায় রাখা এবং প্রাসঙ্গিক আইনি মাধ্যমে যেকোনো বিরোধ নিষ্পত্তি করার জন্য উৎসাহিত করি।
মিশন প্রধান বলেন, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ার জন্য আমি বাংলাদেশের জনগণ, নির্বাচন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্তর্বর্তী সরকারসহ বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রশংসা করি। তিনি বলেন, পরবর্তী সময়ের নির্বাচনি চক্রের দিকে তাকিয়ে, আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্বাচন-পরবর্তী পর্যালোচনা পরিচালনা করার জন্য উৎসাহিত করি, যাতে ভালো অনুশীলনের লক্ষ্যে সব পর্যবেক্ষকের সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়। কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান বলেন, বাংলাদেশের জনগণ তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। আমরা তাদের গণতান্ত্রিক ভবিষ্যতে ভাগাভাগিতে উদার এবং ঐক্যবদ্ধ হতে উৎসাহিত করি।