
বিএনপি নির্বাচনে জয়লাভ করায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একইসঙ্গে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কো রুবিও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর নেতা তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের জনগণকে অভিনন্দন। আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র।’ এ বার্তায় বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক অভিন্ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। এক অভিনন্দন বার্তায় ড. মোহাম্মদ মুইজ্জু বলেন, ‘আমি নবনির্বাচিত নেতাদের আন্তরিক অভিনন্দন জানাই। মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে আমি নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।’ মুইজ্জু আরও বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, আগামী বছরগুলোতে আমাদের পারস্পরিক অংশীদারিত্ব আরও জোরদার ও বিকশিত হবে।’
তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন : জাতীয় নির্বাচনে জয়লাভ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে ঢাকা-কুয়ালালামপুর দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি আনতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। আনোয়ার ইব্রাহিম এক বার্তায় বলেন, ‘নির্বাচনে বিশাল জয়ের জন্য আমি তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) উষ্ণ অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের জয়। বাংলাদেশের মানুষ এক কঠিন সময় পার করে ব্যালট বক্সের মাধ্যমে তাদের রায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছে।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন প্রাণশক্তি সঞ্চারে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে মালয়েশিয়া উন্মুখ হয়ে আছে। আমি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’