
পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগবিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ঢাকায় সফররত আহসান ইকবাল চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছেন। এই সফরকে দুই দেশের মধ্যে তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সম্পৃক্ততা হিসেবে দেখা হচ্ছে।
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ : যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি সিমা মালহোত্রা গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সাক্ষাৎকালে তোবগে একটি সংকটময় সময়ে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভুটানের প্রধানমন্ত্রী গতকাল ঢাকায় এসে পৌঁছান। তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ : বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।